প্রতিটি পরিবার বিনা পয়সায় ফ্যামিলি কার্ড পাবে: সমাজকল্যাণমন্ত্রী

· Prothom Alo

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, ‘ফ্যামিলি কার্ড তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প। ফ্যামিলি কার্ড নিয়ে কেউ কেউ অথবা আমাদের প্রতিপক্ষ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। মনে রাখবেন, ফ্যামিলি কার্ড সব ফ্যামিলি অর্থাৎ প্রতিটি পরিবার পাবে, বিনা পয়সায় পাবে এবং কোনো অবস্থাতেই কাউকে কোনো পয়সা দিতে হবে না।’

Visit truewildgame.online for more information.

আজ শুক্রবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর মো. জাহিদ হোসেন এ কথা বলেন।

বিএনপি সরকারের উন্নয়ন বিষয়ে জাহিদ হোসেন বলেন, ‘ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গীকার, যা বাস্তবায়িত হচ্ছে। আগামী ১০ মার্চ দিনাজপুরের নবাবগঞ্জসহ বাংলাদেশের ১৪টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এমন উন্নয়নমূলক কাজে আপনারা সবাই সহযোগিতা করবেন।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই কাউকে কোনো ধরনের ভুয়া অথবা মিথ্যা সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করতে দেবেন না। সাংবাদিকদের অনুরোধ করি, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। সংবাদের বস্তুনিষ্ঠতা দেখে নেওয়াটা আপনাদের দায়িত্ব ও কর্তব্য।’

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি, ইনশা আল্লাহ মনে রাখবেন, প্রতিটি কর্মে আমরা প্রমাণ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ধর্ম-বর্ণ-গোত্র–নির্বিশেষে সবার দল, সবার সরকার। আপনাদের সবার পাশে বিএনপি থাকবে, বিএনপির নেতা–কর্মীরা থাকবে। অন্যায়–অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় বিএনপি সোচ্চার থাকবে।’

বিএনপির নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির দিনাজপুর জেলা শাখার সহসভাপতি আতিকুর রহমান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম, বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার প্রমুখ।

Read full story at source