বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কোচিং সেন্টারের পরিচালক নিহত
· Prothom Alo

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহত ব্যক্তির ভাইসহ আরও দুজন আহত হয়েছেন।
নিহত চয়ন রাজভর (৪০) উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়ার ক্ষুদ্র জাতিগোষ্ঠী মুচি সম্প্রদায়ের তুলারাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ি বাজারে ‘দ্য নিউ কনটেস্ট’ কোচিং সেন্টারের পরিচালক ছিলেন।
Visit forestarrow.help for more information.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি বাজার এলাকায় একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার রাতে ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের শাহিন ফকির ও তাঁর ছেলেরা চয়ন রাজভরের ওপর হামলা চালান। হামলাকারীরা একপর্যায়ে চয়ন রাজভরের বুকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক মৃত ঘোষণা করেন।
ওই সময় চয়ন রাজভরকে রক্ষা করতে গিয়ে তাঁর ভাই নয়ন রাজভর এবং প্রতিপক্ষের আমিনুর ফকিরও আহত হয়েছেন। নয়ন রাজভরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আমিনুর ফকির সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।