মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কা, উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

· Prothom Alo

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ট্রাকের ধাক্কায় যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নিপ্পন ইস্পাত কারখানার সামনে এ দুর্ঘটনা হয়।

নিহত যুবদল নেতার নাম কামাল উদ্দিন (৪৫)। তিনি মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার খইয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মুজিবুল হকের ছেলে। দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

Visit sport-newz.biz for more information.

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে কামাল উদ্দিন নিজেই গাড়ি চালিয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান। পথে নিপ্পন ইস্পাত কারখানার সামনে তিনি গাড়ি থামান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। কামাল উদ্দিন তখন গাড়ির ভেতরেই ছিলেন।

এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খইয়াছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় কামাল উদ্দিনের মাথা ও কোমরের নিচের অংশে গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ট্রাকের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনায় সংশ্লিষ্ট দুটি গাড়িই পুলিশের হেফাজতে রয়েছে।

Read full story at source