স্কুলজীবনের বন্ধু শান্তনু নারায়ণের অ্যাডোবি থেকে বিদায়ে সত্য নাদেলার আবেগঘন বার্তা
· Prothom Alo

প্রায় দুই দশক নেতৃত্ব দেওয়ার পর সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা শান্তনু নারায়ণ পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণার পর অভিনন্দন জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নাদেলা নারায়ণের নেতৃত্বের প্রশংসা করেন এবং প্রযুক্তি খাতে তাঁর অবদানের কথা উল্লেখ করেন।
Visit orlando-books.blog for more information.
ভারতের হায়দরাবাদের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান হায়দরাবাদ পাবলিক স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছিলেন সত্য নাদেলা ও শান্তনু নারায়ণ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাদেলা অ্যাডোবিতে নারায়ণের সময়কে ‘স্মরণীয় ও অসাধারণ এক যাত্রা’ হিসেবে উল্লেখ করেন। নাদেলা লিখেছেন, অ্যাডোবিতে নারায়ণের নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সফটওয়্যার কোম্পানিতে পরিণত করেছে। একই সঙ্গে তাঁর নেতৃত্বে সৃজনশীল পেশাজীবী, উদ্যোক্তা ও বিভিন্ন ব্র্যান্ডের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। পোস্টে নাদেলা আরও বলেন, বৈশ্বিক সফটওয়্যার শিল্পে অ্যাডোবির অবস্থান শক্তিশালী করতে নারায়ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সৃজনশীলতার প্রক্রিয়ার প্রতি তাঁর সহমর্মিতা এবং নেতৃত্বের ধরন প্রযুক্তি খাতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘদিনের বন্ধুত্ব ও দিকনির্দেশনার জন্যও নারায়ণকে ধন্যবাদ জানান তিনি।
কর্মীদের উদ্দেশে পাঠানো এক ই–মেইলে শান্তনু নারায়ণ জানান, তিনি অ্যাডোবির পরিচালনা পর্ষদকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রায় ১৮ বছর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনের পর তিনি এ পদ থেকে সরে দাঁড়াতে চান। নারায়ণ জানান, আগামী কয়েক মাস তিনি পরিচালনা পর্ষদের সঙ্গে কাজ করে নতুন প্রধান নির্বাহী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং দায়িত্ব হস্তান্তর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সহায়তা দেবেন। তবে প্রধান নির্বাহী পদ ছাড়লেও তিনি অ্যাডোবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নতুন প্রধান নির্বাহীকে সহযোগিতা করবেন। নারায়ণের নেতৃত্বে অ্যাডোবি সৃজনশীল সফটওয়্যার খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে। তাঁর সময়েই জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের ব্যবহার ব্যাপকভাবে বিস্তৃত হয়। পাশাপাশি নির্মাতা, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণন পেশাজীবীদের জন্য ক্লাউডভিত্তিক সেবার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে।
অ্যাডোবির পরিচালনা পর্ষদ জানিয়েছে, নতুন প্রধান নির্বাহী নির্বাচনের প্রক্রিয়া তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির নেতৃত্ব দেবেন প্রতিষ্ঠানের লিড ইনডিপেনডেন্ট ডিরেক্টর ফ্রাঙ্ক ক্যালডেরোনি। কমিটি অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় উৎস থেকে সম্ভাব্য প্রার্থীদের বিষয় বিবেচনা করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া