আদমদীঘির বিল এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার আয়োজন
· Prothom Alo

বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগ আয়োজিত ইফতার আয়োজনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার বিকেলে আদমদীঘির রক্তদহ বিল এলাকায় এই ইফতারের আয়োজন করে এই নিষিদ্ধ ছাত্রসংগঠনটি। আওয়ামী লীগের ফেসবুক পেজেও এই ভিডিও শেয়ার করা হয়েছে।
Visit aportal.club for more information.
শনিবার রাতে ইফতারের ভিডিও বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল মাহিদুল ইসলাম তাঁর ফেসবুক আইডিতে শেয়ার করেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বগুড়া আদমদীঘি উপজেলা ছাত্রলীগের ইফতার মাহফিল।’
ভিডিওতে দেখা যায়, ইফতারের আগে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্য দোয়া করেন। ভিডিওতে ইফতার আয়োজনে আদমদীঘি উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আদমদীঘি উপজেলা ছাত্রলীগের নেতা সাকিব আল হাসান ও সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শাহিন হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। ইফতারে অনেক লোকজনকে উপস্থিত থাকতে দেখা যায়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের ইফতার আয়োজনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এই আয়োজনটি কোথায় হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।