বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে কোন কোন দেশ
· Prothom Alo
‘যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা/ যুদ্ধ মানেই আমার প্রতি/ তোমার অবহেলা।’ কবি নির্মলেন্দু গুণের ‘যুদ্ধ’ শীর্ষক এই কবিতায় যে অবহেলার কথা বলা হয়েছে, সেটা দেখানো হয় অস্ত্রের মাধ্যমে। সে জন্য বিবদমান বা যুদ্ধরত দেশগুলো নিজেদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী অস্ত্রের বড় মজুত গড়ে তোলে। আর এই সুযোগ কাজে লাগায় কয়েকটি দেশ। তারা অস্ত্র বিক্রি, মানে রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে নেয়।
বৈশ্বিক অস্ত্রবাণিজ্য মূলত অল্প কয়েকটি দেশের হাতেই কেন্দ্রীভূত। বিশেষ করে টপ টেন বা শীর্ষ ১০ দেশের দখলেই রয়েছে বিশ্বের মোট অস্ত্র রপ্তানির ৮৮ শতাংশ। অন্য সব দেশের সম্মিলিত রপ্তানির হিস্যা বৈশ্বিক রপ্তানির মাত্র ১২ শতাংশ। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, অস্ত্র ব্যবসায় যুক্তরাষ্ট্র অন্য সব দেশের তুলনায় বেশ এগিয়ে।
Visit palladian.co.za for more information.
২০২১ থেকে ২০২৫ সময়কালে বিশ্বের মোট অস্ত্র রপ্তানির ৪২ শতাংশই করেছে যুক্তরাষ্ট্র। তাদের অস্ত্র রপ্তানির পরিমাণ দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক ফ্রান্সের তুলনায় চার গুণের বেশি। ফ্রান্স রপ্তানি করে বিশ্বের মোট রপ্তানির ১০ শতাংশ অস্ত্র। ৭ শতাংশ রপ্তানি নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে রাশিয়া।
জার্মানি ও চীন উভয় দেশের অস্ত্র রপ্তানির হার ৬ শতাংশ করে। তবে তালিকায় জার্মানি চতুর্থ ও চীন পঞ্চম স্থান পেয়েছে। ষষ্ঠ স্থানে আছে ইতালি। তাদের রপ্তানির হার ৫ শতাংশ। এশিয়ার দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার মতো কিছু নতুন সরবরাহকারী দ্রুত তাদের শক্তিশালী করে তুলেছে। দক্ষিণ কোরিয়া ৩ শতাংশ রপ্তানি নিয়ে নবম স্থানে রয়েছে। ইসরায়েল ৪ শতাংশ ও যুক্তরাজ্য ৩ শতাংশ রপ্তানি নিয়ে আছে সপ্তম ও অষ্টম স্থানে। ২ শতাংশ হিস্যা নিয়ে ১০ম স্থানে অবস্থান করছে স্পেন।
কেন এগিয়ে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক। সাম্প্রতিক বছরগুলোয় এ অবস্থান আরও পাকাপোক্ত হয়েছে। মূলত বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় অনেক দেশ উন্নত অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে। বিশেষ করে ইউরোপে মার্কিন অস্ত্রের চাহিদা বেড়েছে, যা বৈশ্বিক অস্ত্র লেনদেন বৃদ্ধিতে ভূমিকা রাখে।
এ রপ্তানি শুধু ব্যবসা নয়, বরং আন্তর্জাতিক প্রভাব বিস্তারের সঙ্গেও যুক্ত, যার মাধ্যমে মিত্র দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে।
চীনকে ছাড়িয়ে জার্মানি
অস্ত্র রপ্তানির তালিকায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো, জার্মানি এখন চীনকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে। ইউরোপে নিরাপত্তা–উদ্বেগ বাড়ায় সেখানকার দেশগুলোয় সামরিক সরঞ্জামের চাহিদা বেড়েছে, যা জার্মানির এই অগ্রগতিতে ভূমিকা রেখেছে।
অন্যদিকে চীন এখনো বড় রপ্তানিকারক হলেও তাদের বাজার মূলত এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। প্রতিযোগিতামূলক দাম, দ্রুত উৎপাদন এবং আধুনিকতা ও কার্যকারিতা ব্যবস্থা—এই তিন কারণে দেশটি দ্রুত বাজার বাড়াচ্ছে। পূর্ব ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্যাংক, আর্টিলারি ও যুদ্ধবিমান সরবরাহে তারা বড় বড় চুক্তি পাচ্ছে।