ব্রাহ্মণবাড়িয়ায় চোখে টর্চের আলো পড়া নিয়ে বিতণ্ডা, কিশোরকে কুপিয়ে হত্যা

· Prothom Alo

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্চের আলো চোখে ফেলার ঘটনায় প্রতিপক্ষের লোকজন মোসাব্বির হোসেন (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার ঈদের দিন রাতে উপজেলার বড়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

Visit lej.life for more information.

নিহত মোসাব্বির হোসেন নাসিরনগর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড বড়শির গ্রামের আবু মিয়ার ছেলে। বাবাকে নৌকা চালানোর কাজে সহায়তা করত সে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গুজিয়াখাইল গ্রামের সরদার বাড়ি এবং ৬ নম্বর ওয়ার্ডে বড়নগর গ্রামের আফতাব মিয়া গোষ্ঠীর প্রভাব আছে। ওই দুই গোষ্ঠীর কিশোরদের মধ্যে গান শোনার সময় টর্চের আলো ফেলাকে কেন্দ্র করে কথা–কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আফতাব মিয়ার গোষ্ঠীর অনুসারী মোসাব্বিরকে কুপিয়ে হত্যা করে মেঘনা নদীর পাড়ে ফেলে রাখা হয়। তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদের দিন সন্ধ্যায় মোসাব্বিরসহ তার বন্ধুরা গান শুনছিল। অন্ধকারে টর্চলাইট জ্বালালে সেই আলো যাদের চোখে পড়ে, তাদের সঙ্গে কথা–কাথাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে ও কুপিয়ে মোসাব্বিরকে হত্যা করা হয়।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Read full story at source