তদন্ত করে প্রতিটি ঘটনায় ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী
· Prothom Alo

কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন–বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর গত শনিবার দিবাগত রাতে কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
Visit asg-reflektory.pl for more information.
প্রধানমন্ত্রী ইতিমধ্যে দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়েছেন তিনি। নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এসব দুর্ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।
তারেক রহমান বলেন, তদন্ত করে প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে এ কথা জানিয়েছেন।
কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতিমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। অপর কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে সেতু–সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। তাঁদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
গতকাল রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘পবিত্র ঈদ উদ্যাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি।’
প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন। হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না। একই সঙ্গে রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা ও সামগ্রিক পরিবহনব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।’