নিখোঁজের ১২ ঘণ্টা পর ঝোপে মিলল ৪ বছরের শিশুর মরদেহ
· Prothom Alo
খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর চার বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গেট-সংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটি নগরের লবণচরা থানার মাথাভাঙ্গা গ্রামের রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহ জালালের মেয়ে।
Visit asg-reflektory.pl for more information.
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মা–বাবার সঙ্গে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় মামার বিয়ের দাওয়াতে যায় জান্নাতুল। সেখানে তার বাবার দূরসম্পর্কের এক আত্মীয় আইসক্রিম খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নিয়ে যায়। মেয়ের ফিরে আসতে দেরি হলে মা ফোন করলে অপর প্রান্ত থেকে জানানো হয়, জান্নাতুল আইসক্রিম খাচ্ছে এবং আসতে দেরি হবে। কিছুক্ষণ পর থেকেই ওই ব্যক্তির ফোন বন্ধ পাওয়া যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান প্রথম আলোকে বলেন, দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে শিশুটিকে খোঁজাখুঁজি করেন। না পেয়ে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাত আড়াইটার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেট-সংলগ্ন একটি ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। তিনি আরও বলেন, মরদেহের পাশে একটি দড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।