গরমে ত্বকের যত্নে ৮ সহজ অভ্যাস

· Prothom Alo

ঋতু, শহর, গ্রাম, বায়ুদূষণের মাত্রা ও তাপমাত্রাভেদে ত্বকের যত্নের নিয়ম একেক রকম। গরমকালে তাপ, ঘাম, রোদ ও পানিশূন্যতার কারণে ত্বক সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে ত্বককে সহজেই সুস্থ ও উজ্জ্বল রাখা সম্ভব।

Visit umafrika.club for more information.

১. সানস্ক্রিন
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে ট্যান, দাগ ও আগাম বার্ধক্য তৈরি করতে পারে। তাই বাইরে বের হওয়ার আগে অন্তত এসপিএফ-৪০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। ভালো সানস্ক্রিন একবার ব্যবহার করলে ৬ ঘণ্টা সুরক্ষিত থাকা যায়।

২. শরীর ও ত্বক হাইড্রেটেড রাখুন
গরমে শরীর দ্রুত পানি হারায়। তাই দিনে পর্যাপ্ত পানি খাওয়া এবং ত্বকে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। আপনি যদি এসি ঘরে কাজ করেন, তাহলে ২–৩ ঘণ্টা পরপর ত্বকে ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়া থেকে রক্ষা পায়।

৩. হালকা ও মৃদু ক্লিনজার
ঘাম, ধুলা ও সানস্ক্রিন ত্বকের রোমছিদ্র বন্ধ করে দিতে পারে। তাই দিনে অন্তত দুইবার মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা ভালো। বাইরে থেকে এসে আর রাতে ঘুমানোর আগে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৪. ত্বককে ‘শান্ত’ রাখুন
গরমে ত্বকে জ্বালাপোড়া বা লালচে ভাব হতে পারে। এ জন্য অ্যালোভেরা, শসা বা ঠান্ডা উপাদানযুক্ত স্কিনকেয়ার পণ্য ব্যবহার করলে ত্বক আরাম পায়। শিট মাস্ক বা ফেস মিস্ট ফ্রিজে রেখে ব্যবহার করলে তা ত্বকে ঠান্ডা ও আরামদায়ক অনুভূতি দেয়। বিশেষ করে রোদে থাকা ত্বকের জন্য এটি বেশ উপকারী।

৫. অ্যান্টি–অক্সিডেন্ট
সকালে ত্বকে ভিটামিন ‘সি’ সিরাম ব্যবহার করলে পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক সুরক্ষিত থাকে। রোদে ক্লান্ত বা নিস্তেজ হয়ে পড়া ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

৬. এক্সফোলিয়েশন
ঘাম ও আর্দ্রতার কারণে ত্বকে যে মৃত কোষ জমে যায়, তা দূর করার জন্য সপ্তাহে ১-২ বার এক্সফোলিয়েট করা ভালো। এক্সফোলিয়েট করার সবচেয়ে পরিচিত উপায় হলো স্ক্র্যাবিং করে ত্বকের মৃতকোষগুলো তুলে ফেলা।

৭. গরমে নয় ভারী মেকআপ
গরমে ভারী মেকআপ ত্বকের রোমছিদ্র বন্ধ করে ব্রণ বা ত্বকের সমস্যা তৈরি করতে পারে। তাই হালকা মেকআপ বা মিনিমাল মেকআপ ব্যবহার করা ভালো।

৮. ক্যাপ ও সানগ্লাস ব্যবহার করুন
বাইরে বের হলে ক্যাপ, হ্যাট, সানগ্লাস ও ছাতা ব্যবহার করলে সূর্যের সরাসরি আলো থেকে ত্বককে বাড়তি সুরক্ষা দেওয়া যায়। খুব দরকার ছাড়া দিনের বেলা ঘরের বাইরে না বের হওয়াই ভালো।

আরও যা
ফল ও সবজি ত্বকের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ও অ্যান্টি–অক্সিডেন্ট দেয়। এসব ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণ পানি খেলে ত্বক ভেতর থেকে আর্দ্র থাকে।

সূত্র: ভোগ অ্যারাবিয়া

Read full story at source