গুগল মেসেজেসে চালু হলো রিয়েল টাইম লোকেশন–সুবিধা

· Prothom Alo

দীর্ঘ প্রতীক্ষার পর গুগল তাদের বার্তা আদান-প্রদানের অ্যাপ গুগল মেসেজেসে রিয়েল টাইম লোকেশন–সুবিধা চালু করেছে। মার্চ মাসের শুরুতে এই সুবিধা চালুর ঘোষণা দেওয়া হলেও এবার ধাপে ধাপে সুবিধাটি ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এত দিন গুগল মেসেজেস অ্যাপে কেবল একবার অবস্থানের তথ্য শেয়ার করার সুযোগ ছিল। নতুন এই সুবিধা চালুর ফলে এখন ব্যবহারকারীরা নিজেদের সর্বশেষ অবস্থানের তথ্য স্বয়ংক্রিয়ভাবে অন্যদের জানাতে পারবেন।

Visit zeppelin.cool for more information.

রিয়েল টাইম লোকেশন–সুবিধা চালু থাকলে ব্যবহারকারীর চলাচলের সঙ্গে সঙ্গে অবস্থানের তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে এবং প্রাপক সরাসরি সেই অবস্থান পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে নির্ধারিত কোনো সাক্ষাতে দেরি হলে বা যাত্রাপথে অবস্থান জানাতে সুবিধাটি কার্যকর ভূমিকা রাখবে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে বহু বছর ধরেই লাইভ লোকেশন শেয়ারিং–সুবিধা চালু রয়েছে। সে তুলনায় গুগল মেসেজেস অ্যাপে সুবিধাটি কিছুটা দেরিতে যুক্ত হলেও ব্যবহারকারীরা উপকৃত হবেন।

সুবিধাটি এখনো সব ব্যবহারকারীর জন্য চালু না হলেও অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে চলা পিক্সেল ৮ প্রো মডেলের স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে। ব্যবহারকারীদের তথ্যমতে, সুবিধাটি চালু হলে রিয়েল টাইম লোকেশন অপশনটি সবুজ রঙে দেখা যাবে। সময় নির্ধারণের ক্ষেত্রেও রাখা হয়েছে নমনীয়তা। ব্যবহারকারীরা এক ঘণ্টা বা পুরো দিনের জন্য পূর্বনির্ধারিত সময় বেছে নিতে পারবেন। পাশাপাশি ‘কাস্টম’ অপশন ব্যবহার করে সর্বনিম্ন এক মিনিট থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত সময় নির্ধারণ করা যাবে।

গুগলের ‘ফাইন্ড হাব’ সেবার মাধ্যমে পরিচালিত এই সুবিধা আরসিএস ও নন-আরসিএস উভয় ধরনের কথোপকথনেই কাজ করবে। রিয়েল টাইম লোকেশন শেয়ার–সুবিধা চালু থাকলে সংশ্লিষ্ট চ্যাটে একটি ব্যানার দেখা যাবে, যেখানে অবস্থানের তথ্য শেয়ারের নির্ধারিত সময় উল্লেখ থাকবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

Read full story at source