রাজবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু
· Prothom Alo
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পড়ে সেলিনা আক্তার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পান্না চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
সেলিনা আক্তার ওরফে ঝরনা বালিয়াকান্দি উপজেলা সদরের প্রয়াত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। সকালে বালিয়াকান্দির নিজ বাড়ি থেকে তিনি রাজবাড়ী শহরে গিয়েছিলেন। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা।
Visit asg-reflektory.pl for more information.
পরিবার সূত্রে জানা যায়, সেলিনা আক্তার আজ সকালে নাতনি ও জামাতা কাজী হুমায়ুন কবিরকে নিয়ে আদালতের কাজে শহরে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি তাঁদের আদালত এলাকায় রেখে নিজে রেলগেট এলাকার একটি হোটেলে নাশতা করতে রিকশায় রওনা দেন। পথে পান্না চত্বর পার হওয়ার সময় তাঁর ওড়না রিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এ ঘটনায় গলায় ফাঁস লেগে তিনি পাকা সড়কে পড়ে যান এবং মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাজীব দে সরকার বলেন, সকাল পৌনে ১০টার দিকে সাংবাদিক সোহেল মিয়ার মাকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে দেখেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য লাশ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর ছেলে সাংবাদিক সোহেল মিয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।