বাজেট বনাম প্রয়োজন: আপনার ঘরের জন্য মানানসই এসি কোনটি
· Prothom Alo

মধ্যবিত্তের অন্দরমহলে একসময় এসি ছিল বিলাসিতার প্রতীক; কিন্তু বদলে যাওয়া জলবায়ু আর অসহনীয় দাবদাহে এটি এখন হয়ে উঠেছে স্বস্তির অপরিহার্য অনুষঙ্গ। তবে এসি কেনার সিদ্ধান্ত নিতে গেলেই সামনে আসে অসংখ্য প্রশ্ন—কত বাজেটে কেনা সম্ভব? ঘরের জন্য কত টন দরকার? বিদ্যুৎ বিলের দুশ্চিন্তাই–বা কতটুকু? বাজেট আর প্রয়োজনের এই গোলকধাঁধায় পড়ে অনেকেই ভুল এসি নির্বাচন করে বসেন। এর খেসারত দিতে হয় দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বিল আর যান্ত্রিক গোলযোগে।
টন ও আয়তনের গাণিতিক হিসাব
Visit asg-reflektory.pl for more information.
এসি নির্বাচনের ক্ষেত্রে অনেক গ্রাহকের বড় ভুলটি হয় রুমের আয়তন ও এসির টনের অসামঞ্জস্যতায়। বিশেষজ্ঞদের মতে, সাধারণত ১০০ থেকে ১২০ বর্গফুট রুমের জন্য ১ টন, ১২০ থেকে ১৭০ বর্গফুটের জন্য ১.৫ টন এবং এর বেশি আয়তনের জন্য ২ টনের এসি আদর্শ। বাজেটের কথা চিন্তা করে বড় রুমে কম টনের এসি লাগালে ঘর যেমন কাঙ্ক্ষিত মাত্রায় শীতল হয় না, তেমনি কম্প্রেসরের ওপর বাড়তি চাপ পড়ে বিদ্যুতের মিটারও দ্রুত ঘোরে।
এ প্রসঙ্গে ইলেকট্রো মার্ট লিমিটেডের সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহক হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এসি কেনা মানে শুধু একটি যন্ত্র কেনা নয়, এটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। অনেক সময় ক্রেতারা বাজেট বাঁচাতে কম টনের এসি কেনেন, যা বাস্তবে উল্টো ফল দেয়। কম ক্ষমতার এসি বড় ঘর ঠান্ডা করতে গিয়ে দীর্ঘ সময় ধরে চলে, ফলে বিদ্যুৎ বিল বেড়ে যায় এবং কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে যন্ত্রের স্থায়িত্ব কমিয়ে দেয়।’
ঘরমুখী হাওয়া ও আসবাবের প্রভাব
বিশ্লেষকদের মতে, ঘরের জানালার অবস্থান এবং আসবাবের আধিক্য এসির কুলিংয়ের ওপর সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে দক্ষিণ বা পশ্চিমমুখী ঘরে বিকেলের কড়া রোদ দীর্ঘক্ষণ থাকলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি পাওয়ারের এসি প্রয়োজন হয়। আবার সিলিং অনেক উঁচুতে হলে বা ঘরে প্রচুর ভারী আসবাব থাকলে বাতাস চলাচলে বিঘ্ন ঘটে। এ ক্ষেত্রে ইনসুলেশন–ব্যবস্থা উন্নত করার পাশাপাশি এসির অবস্থান এমন জায়গায় হওয়া উচিত, যেন পুরো ঘরে বাতাসের প্রবাহ সমান থাকে।
মধ্যবিত্তের বাজেট ও ইনভার্টার প্রযুক্তির হিসাব
মধ্যবিত্ত পরিবারের জন্য বাজেট একটি বড় বিবেচ্য বিষয়। তবে বর্তমান বাজারে ওয়ালটন বা গ্রীর মতো স্মার্ট এসি ব্র্যান্ডগুলো সাশ্রয়ী মূল্যে আধুনিক সব ফিচার দিচ্ছে। বিশেষ করে ইনভার্টার এসি কেনাটা এখন আর স্রেফ বিলাসিতা নয়; বরং বিদ্যুৎ সাশ্রয়ের সবচেয়ে কার্যকর হাতিয়ার। যদিও নন-ইনভার্টারের তুলনায় ইনভার্টারের দাম কিছুটা বেশি; কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিলে যে বড় সাশ্রয় হয়, তাতে দুই-তিন বছরের মধ্যেই বাড়তি দাম উশুল হয়ে যায়।
এ প্রসঙ্গে মো. জুলহক হোসাইন বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাজেটের মধ্যে থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া। একটি বড় ভুল ধারণা হলো, কম দামে এসি কিনলেই সাশ্রয়। বাস্তবে সঠিক টন এবং শক্তিসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার না করলে সেই সাশ্রয় খুব দ্রুতই হারিয়ে যায়। এ ক্ষেত্রে গ্রীর মতো নির্ভরযোগ্য ব্র্যান্ডের ইনভার্টার প্রযুক্তির এসিগুলো কার্যকর সমাধান হতে পারে। কারণ, এগুলো ঘরের তাপমাত্রা অনুযায়ী নিজের ক্ষমতা নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ খরচ কমিয়ে আনে।’
কেনাকাটার সতর্কতা ও সঠিক রক্ষণাবেক্ষণ
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এসির কনডেনসারটি শতভাগ কপার বা তামার কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। পাশাপাশি পরিবেশের সুরক্ষা ও দ্রুত শীতলীকরণের জন্য এতে আধুনিক ও পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট (যেমন আর-৩২ গ্যাস) ব্যবহার করা হয়েছে কি না, সেদিকেও নজর রাখা প্রয়োজন।
তবে শুধু ভালো এসি কেনাই শেষ কথা নয়, এর স্থায়িত্ব নির্ভর করে সঠিক উপায়ে স্থাপনের ওপর। অদক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি ইনস্টল করার ফলে প্রায়ই গ্যাস লিকেজসহ নানা যান্ত্রিক জটিলতা তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে বড় খরচের কারণ হয়ে দাঁড়ায়। অনুমোদিত প্রতিনিধি ও অভিজ্ঞ কারিগরের মাধ্যমে এসি স্থাপন এবং নিয়মিত সার্ভিসিং নিশ্চিত করা গেলে যান্ত্রিক বিড়ম্বনা যেমন কমে, তেমনি এসির আয়ুও বাড়ে বহুগুণ।