হালকা সাজে স্নিগ্ধতা ছড়াক এবারের বৈশাখ
· Prothom Alo

বাংলা নববর্ষের প্রথম দিনে সাজে ফুটে উঠুক খাঁটি বাঙালিয়ানা। কেমন হবে এবারের বৈশাখের সাজ—চলুন জেনে নেওয়া যাক।
Visit chickenroad.qpon for more information.
বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। সাজপোশাক, রং আর খাবারের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে প্রতি বছরই উৎসবের আমেজে মেতে ওঠে সবাই। এ বছরও তার ব্যতিক্রম নয়। তবে উৎসবের প্রস্তুতিতে সবার আগে যে বিষয়টি চলে আসে, তা হলো সাজ। পোশাকের সঙ্গে মানানসই লুক নিয়ে থাকে নানা ভাবনা।
বাংলা নববর্ষের প্রথম দিন বলে কথা—সাজে থাকা চাই একেবারে বাঙালি ছোঁয়া। তবে গরমের এই সময়ে ভারী মেকআপ এড়িয়ে চলাই ভালো। বরং ‘মিনিমাল মেকআপ’-ই হতে পারে সেরা পছন্দ। হালকা সাজেই লুকে এনে দেওয়া যায় এক ধরনের স্নিগ্ধতা আর সতেজতা।
বৈশাখের সাজে বেছে নিতে পারেন একদম ন্যাচারাল স্কিন টোনের মেকআপ। শুরুতে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে টোনার ব্যবহার করুন। এরপর ময়েশ্চারাইজার লাগানো জরুরি। অনেক ময়েশ্চারাইজারেই এখন বিবি বা সিসি ক্রিমের সুবিধা থাকে—চাইলে সেটাও ব্যবহার করতে পারেন, যা কয়েক ঘণ্টা পর্যন্ত ত্বককে ফ্রেশ রাখে।
যাঁরা বিবি বা সিসি ক্রিম ব্যবহার করতে চান না, তাঁরা হালকা লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। খুব অল্প পরিমাণেই এটি ত্বকে ভালোভাবে বসে যায়। তবে অবশ্যই নিজের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন বেছে নিতে হবে। এর ওপর হালকা করে কমপ্যাক্ট পাউডার ব্যবহার করলে লুকে আসবে মসৃণতা। আর যারা একটু ডিউই বা ক্রিমি লুক চান, তারা পাউডার বাদও দিতে পারেন।
এরপর ব্যবহার করুন হালকা ব্লাশ—পিচ বা সফট পিংক টোন সবচেয়ে মানানসই। রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের মতে, এই শেডগুলোই বৈশাখের সাজে সবচেয়ে বেশি মানিয়ে যায়।
ঠোঁটে ন্যুড লিপস্টিক রাখলে চোখের সাজে একটু গভীরতা আনা যেতে পারে। জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড স্যালনের রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি বলেন, বৈশাখে টানা কাজল বাঙালি নারীর প্রিয় একটি স্টাইল। শাড়ির সঙ্গে সরু টানা কাজল আর কুর্তির সঙ্গে একটু মোটা করে দেওয়া কাজল দারুণ লাগে। সঙ্গে মাশকারা ব্যবহার করতে পারেন, তবে হালকা সাজে আইল্যাশ না পরাই ভালো।
চুলের স্টাইল নিজের স্বস্তি অনুযায়ী রাখতে পারেন—খোলা চুল বা খোঁপা, দুটোই মানানসই।
চুলে গুঁজে নিতে পারেন কাঁচা ফুল। কপালে একটি মানানসই টিপ পুরো লুককে করে তুলবে আরও আকর্ষণীয়।
মেকআপের পাশাপাশি গয়নাও সাজের গুরুত্বপূর্ণ অংশ। পোশাকের সঙ্গে মানানসই হালকা গয়না লুকে এনে দেয় পরিপূর্ণতা। এ ক্ষেত্রে মাটির, অক্সিডাইজ বা সুতার গয়না হতে পারে ভালো পছন্দ। হাতে একগুচ্ছ কাচের চুড়ি যোগ করলে সাজে বাড়ে উৎসবের আবহ।
বৈশাখে অনেকেই শাড়ি বেছে নেন, আবার কেউ কেউ আরামের জন্য কুর্তি বা সালোয়ার-কামিজ পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে পোশাক যেটাই হোক, সাজে যেন বাঙালি ঐতিহ্যের ছোঁয়া থাকে। হালকা সাজেই স্নিগ্ধতা ছড়িয়ে পড়ুক এবারের বৈশাখ।