মুদিদোকানের নিবন্ধন নিয়ে মজুত করা হচ্ছিল ভোজ্যতেল, জরিমানা
· Prothom Alo

সাতক্ষীরার দেবহাটায় একটি মুদিদোকানের আড়ালে মজুত করা হচ্ছিল ভোজ্যতেল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল পায় র্যাবের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দোকানমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Visit mwafrika.life for more information.
গতকাল রোববার সন্ধ্যায় র্যাব-৬–এর সাতক্ষীরা ক্যাম্পের আভিযানিক দল দেবহাটা উপজেলা এলাকায় মজুতবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ‘লাকী স্টোর’ নামে একটি মুদিদোকানের ৩৪টি ড্রামে ৩ হাজার ৪০০ লিটার শর্ষে ও রাইস ব্র্যান তেল পাওয়া যায়। মূলত মুদিদোকানের নিবন্ধন নিয়ে সেখানে ভোজ্যতেল মজুত করা হচ্ছিল। পরে দোকানের মালিককে কৃষি বিপণন আইন, ২০১৮–এর ১৯(১) মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, র্যাব-৬, সিপিসি-১ ও বাজার পরিচালনা কমিটির সদস্যরা।