ঈদের আগে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি

· Prothom Alo

পবিত্র ঈদুল আজহার আগে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান (শপিং মল) খোলা রাখার সুযোগ দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে দেওয়া এক চিঠিতে এই দাবি জানিয়েছে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূঁইয়া। এতে বলা হয়েছে, ঈদুল আজহায় দোকানপাট খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।

Visit likesport.biz for more information.

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যার কথা বিবেচনা করে ১০ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১১টা নাগাদ দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নির্দেশনা চেয়েছেন দোকান মালিক সমিতির নেতারা। চিঠিতে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন, ঈদের পর সাত দিন দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখা হবে।

চিঠিতে দোকান মালিক সমিতির নেতারা গত ৫ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে তাঁদের সভা করার কথা উল্লেখ করেন। তাঁরা বলেন, সেই সভায় আপনি আশ্বস্ত করেছিলেন, ঈদুল আজহার আগে দোকান খোলা রাখার সময় বৃদ্ধি করা হবে। সেই সঙ্গে আপনি আশ্বস্ত করেছিলেন কোনো জেলায় অপরিকল্পিত বাণিজ্য মেলা হলে ব্যবস্থা নেওয়া হবে; কিন্তু বরিশালসহ বিভিন্ন জেলায় বাণিজ্য মেলা হচ্ছে। এতে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানও পাল্টা হামলা শুরু করে। তারপর যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। তখন জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি সংকট প্রকট আকার ধারণ করে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে গত ২ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের সময়সীমা এক ঘন্টা কমানো হয়। একই সঙ্গে দোকানপাট ও শপিং মল (বিপণিবিতান) সন্ধ্যা ছয়টায় বন্ধ করার সিদ্ধান্ত হয়, যা পরদিন থেকে কার্যকর হয়। যদিও পরে দোকান ব্যবসায়ী সমিতির অনুরোধে সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়।

Read full story at source