তাপপ্রবাহ ১৩ জেলায়, থাকতে পারে কয়েক দিন
· Prothom Alo

বৃষ্টি কমে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে তাপপ্রবাহ। আজ শুক্রবার দেশের ১৩ জেলায় তাপপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আগামী দু-এক দিন এই তাপপ্রবাহ থাকতে পারে। তবে এ সময় দেশের কিছু স্থানে বৃষ্টিও থাকতে পারে।
Visit playerbros.org for more information.
আজ খুলনা বিভাগের সব জেলায় এবং মাদারীপুর, ফরিদপুর ও নোয়াখালী জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। খুলনা বিভাগের জেলার সংখ্যা ১০। এর সঙ্গে বাকি তিনটি মিলিয়ে মোট ১৩ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে আজ।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টি দিয়েই শুরু হয় চলতি মাস। গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। আর তাতে মে মাসের তীব্র গরম ততটা অনুভূত হয়নি; বরং দেশের দ্বিতীয় উষ্ণ মাসে রাতের বেলায় খোদ রাজধানীতেও গায়ে চাদর জড়িয়ে ঘুমাতে হয়েছে। বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। তবে আজ থেকে বৃষ্টি অনেকটাই কমে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, যে তাপপ্রবাহ শুরু হলো, তা আগামী মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে দেশের বিভিন্ন স্থানে। তবে এ সময় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কম। এর কারণ বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে তাপ নিয়ন্ত্রণে থাকতে পারে।
কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সে অনুযায়ী আজ রাজশাহী ছাড়া আরও ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাঙামাটিতে ৩৬ দশমিক ৩, ঢাকায় ৩৬ দশমিক ২ এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী বুধ থেকে বৃহস্পতিবার দেশের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তারপর আবার বৃষ্টি হতে পারে বলে জানান মুহাম্মদ আবুল কালাম মল্লিক। সেই দফাতেও অবশ্য একেবারে তীব্র গরমের সম্ভাবনা কম বলে জানান তিনি।
আগামীকাল দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ থাকার পরও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানীতেও আগামীকাল বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ।
আজ দেশের অনেক স্থানে তাপপ্রবাহ থাকলেও কিছু স্থানে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নরসিংদীতে, ৪৬ মিলিমিটার।