‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি প্রেক্ষাগৃহসহ অন্য মাধ্যমে প্রদর্শনে আইনি বাধা নেই
· Prothom Alo

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করেছিল। এ সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন।
Visit moryak.biz for more information.
এ আদেশের ফলে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটি প্রেক্ষাগৃহসহ অন্য কোনো মাধ্যমে প্রদর্শনে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী নকিব সাইফুল ইসলাম।
হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির মুক্তির কথা ছিল গত শুক্রবার। তবে ১৩ মে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া এ–সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ১৩ মের এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে সিনেমাটির প্রযোজক ও পরিচালক হাসান জাহাঙ্গীর ১৯ মে রিটটি করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নকিব সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল করিম।