নদীতে মাছ ধরতে গিয়ে হামলায় নিহত যুবক, দুই ভাইকে বেঁধে মারধর

· Prothom Alo

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাইদুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাঁর দুই ভাইয়ের হাত-পা বেঁধে মারধর করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মুশুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

Visit sportbet.reviews for more information.

নিহত সাইদুর রহমান উপজেলার ধলাই গোপদিঘী এলাকার ফুল মিয়ার ছেলে। আহত দুই ভাই হলেন আনিছুর রহমান (২৭) ও আতাউর রহমান (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে তিন ভাই মিলে ঘোড়াউত্রা নদীতে রিংজাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা চারজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে সাইদুর রহমানকে নদীর পানিতে ফেলে বল্লম দিয়ে উপর্যুপরি আঘাত করে। একপর্যায়ে আহত অবস্থায় সাইদুর পানিতে ডুব দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ-আল-শাফী বলেন, বুধবার ভোর সাড়ে চারটার দিকে সাইদুর রহমানকে হাসপাতালে আনা হয়। তাঁর ডান পাশে ফুসফুসের ওপরের অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

Read full story at source