চাঁদপুরে নদীতে গোসলে নেমে এক বোনের মৃত্যু, অন্যজন নিখোঁজ
· Prothom Alo

চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নে ধনাগোদা নদীতে গোসল করতে গিয়ে দুই বোন নিখোঁজ হন। তাঁদের মধ্যে একজনের মরদেহ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। অন্যজন নিখোঁজ আছেন।
মৃত নারীর নাম স্বপ্না রানী (৪২)। নিখোঁজ আছেন তাঁর বোন রনা রানী (৩২)। তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামে। স্বপ্না রানী এক সন্তানের মা।
Visit umafrika.club for more information.
ওই দুজনের ভাই গুরু সরকার বলেন, ঈদের ছুটিতে তাঁর দুই বোন বাড়িতে এসেছিলেন। গতকাল বিকেলে স্বপ্না ও রনা বাড়ির পাশে নদীতে গোসল করতে নামেন। এ সময় স্রোতের মুখে পড়ে রনা নদীতে ভেসে যেতে থাকেন। তাঁকে উদ্ধার করতে যান স্বপ্না। একপর্যায়ে দুজনই নদীর স্রোতে ভেসে যান। সন্ধ্যায় স্থানীয় লোকজন স্বপ্নাকে উদ্ধার করেন। তবে রনার সন্ধান পাওয়া যায়নি।
স্বজনেরা স্বপ্নাকে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সফিকুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, আজ শুক্রবার নিখোঁজ রনা রানীর খোঁজে ফায়ার সার্ভিস নদীতে সন্ধান চালাবে।