২২ দিনে ২১৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে
· Prothom Alo
![]()
চলতি জুন মাসের প্রথম ২২ দিনে দেশে ২ দশমিক ১৫ বিলিয়ন বা ২১৫ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা দেশীয় মুদ্রায় ২৬ হাজার ২৩০ কোটি টাকার সমান।
বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের এই হালনাগাদ তথ্য দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটির তথ্যানুযায়ী, গত বছরের জুনের প্রথম ২২ দিনে ২১১ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল। সেই হিসাবে চলতি মাসে এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।
Visit saltysenoritaaz.com for more information.
গত ডিসেম্বর থেকে টানা ছয় মাস ধরে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে। প্রবাসী আয় সংগ্রহে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। এরপরই প্রবাসী আয় বেশি এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) মাধ্যমে।
গত মাসে (মে) দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে, যা গত বছরের মে মাসের তুলনায় ১৫ দশমিক ৩৪ শতাংশ বেশি। তার আগের মাস এপ্রিলে ৩১২ কোটি ৭০ লাখ ও মার্চে প্রায় ৩৭৫ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে ৩০২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি ও ডিসেম্বরে ৩২২ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল।
ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পবিত্র ঈদুল ফিতর ও মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিরা মার্চ ও এপ্রিল মাসে বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মে মাসেও সেই ধারা অব্যাহত ছিল।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশে মোট ৩ হাজার ২৭৫ কোটি ৬৮ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশের বেশি। গত অর্থবছরের একই সময়ে ২ হাজার ৭৫০ কোটি ৬৯ লাখ ডলার এসেছিল।