মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনের নতুন প্রেমের গুঞ্জন, কে এই সাহিবা

· Prothom Alo

বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন চলছে। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এ জল্পনার শুরু। তবে এবার সেই গুঞ্জনে পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সাহিবা।

Visit h-doctor.club for more information.

ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন কাপুরের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে সাহিবা লিখেছেন, ‘সবকিছু বিশ্বাস করবেন না—পর্ব ২’। যদিও তিনি সরাসরি প্রেমের গুঞ্জন নিয়ে কিছু বলেননি, অনেকেই তাঁর এই বার্তাকে চলমান জল্পনার জবাব হিসেবেই দেখছেন।

সাহিবা বালি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মজার বিষয় হলো, এর আগে তিনি আরেকটি স্টোরিতে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছিলেন, যেখানে ভুলবশত তাঁকে অভিনেত্রী অনুশকা শর্মা হিসেবে উল্লেখ করা হয়েছিল। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘সবকিছু বিশ্বাস করবেন না—পর্ব ১)’। এরপর অর্জুনের সঙ্গে ছবি পোস্ট করে ‘পর্ব ২’ লেখায় বিষয়টি নিয়ে আরও আলোচনা শুরু হয়।

সাহিবা বালি ২০১৮ সালে ইমতিয়াজ আলী প্রযোজিত ‘লায়লা মজনু’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। এরপর তাঁকে ‘বার্ড অব ব্লাড’, ‘অমর সিং চমকিলা’ ও ‘তানাভ’-এর মতো প্রকল্পে দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর, পডকাস্টার এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজের মাধ্যমেও তিনি পরিচিতি পেয়েছেন।
অন্যদিকে অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরেই আলোচনায়। ২০১৮ সালে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। কয়েক বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

সাহিবা বালি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কাজের ক্ষেত্রে অর্জুন কাপুরকে সর্বশেষ দেখা গেছে মুদাসসর আজিজ পরিচালিত রোমান্টিক কমেডি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’-তে। ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং অভিনীত ছবিটি বর্তমানে জিওহটস্টারে স্ট্রিমিং হচ্ছে। তবে তাঁর পরবর্তী চলচ্চিত্র সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

দিল্লির মেয়ে, করপোরেট দুনিয়া থেকে অভিনয়ে
সাহিবা বালির জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। ছোটবেলা থেকেই অভিনয়, গল্প বলা ও গণমাধ্যমের প্রতি আগ্রহ ছিল তাঁর। তবে অভিনয়ে আসার আগে তিনি পড়াশোনাকে গুরুত্ব দেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হান্সরাজ কলেজ থেকে অর্থনীতি বিষয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশেও যান। পরে ব্যবসা প্রশাসন ও মার্কেটিং নিয়ে পড়াশোনা করেন।

সাহিবা বালি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনয়ে নাম লেখানোর আগে সাহিবা বালি করপোরেট জগতেও কাজ করেছেন। ভারতের কয়েকটি বড় প্রযুক্তি ও স্টার্টআপ প্রতিষ্ঠানে মার্কেটিং ও ব্র্যান্ড স্ট্র্যাটেজির দায়িত্ব পালন করেন। ফলে অভিনয়জগতে আসার আগেই পেশাদার কর্মজীবনে নিজের অবস্থান তৈরি করেছিলেন।

একের পর এক প্রেমের গুজব, মালাইকা বললেন...

শুধু অভিনেত্রী নন, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরও
বর্তমান সময়ে সাহিবা বালির জনপ্রিয়তার বড় একটি কারণ তাঁর ডিজিটাল উপস্থিতি। ইনস্টাগ্রাম, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও, সাক্ষাৎকার, পডকাস্ট ও লাইফস্টাইলভিত্তিক কনটেন্ট প্রকাশ করেন তিনি। বিশেষ করে ক্রিকেট, সিনেমা, প্রযুক্তি, উদ্যোক্তা এবং তরুণদের ক্যারিয়ার নিয়ে সাহিবা বালির আলোচনা বেশ জনপ্রিয়। বিভিন্ন বড় ব্র্যান্ডের প্রচারণায়ও নিয়মিত দেখা যায় তাঁকে। ফলে তিনি শুধু অভিনেত্রী নন, নতুন প্রজন্মের একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত।

ক্রিকেটের সঙ্গে বিশেষ যোগসূত্র
ভারতীয় ক্রিকেটের বড় ভক্ত হিসেবে পরিচিত সাহিবা। বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচে তাঁকে মাঠে দেখা গেছে। ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রীড়া বিশ্লেষকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটভিত্তিক নানা কনটেন্টও তৈরি করেন।

লর্ডসে ভারত-ইংল্যান্ড ম্যাচে উপস্থিত থাকাও সেই আগ্রহেরই অংশ। তবে অর্জুন কাপুরের সঙ্গে তাঁর উপস্থিতি মুহূর্তেই ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনে রূপ নেয়।

এনডিটিভি অবলম্বনে

Read full story at source