চট্টগ্রামে গুলিতে নিহত ‘সন্ত্রাসী’ সরোয়ারের বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

· Prothom Alo

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা বিদেশি পিস্তল

চট্টগ্রামে নিহত সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলার বাসার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকা থেকে এটি উদ্ধার র‍্যাব–৭। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Visit biznow.biz for more information.

র‍্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক গণমাধ্যম এ আর এম মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে একটি ফুল গাছের নিচে যুক্তরাষ্ট্রে তৈরি ৭ দশমিক ৬৫ ক্যালিবারের পিস্তল পাওয়া যায়। অস্ত্রটি কীভাবে সেখানে এসেছে, এটির মালিক কে, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গত বছরের ৫ নভেম্বর চালিতাতলী এলাকায় বিএনপির সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে সরোয়ার হোসেন গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সরোয়ারের মা মরিয়ম বেগম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, র‍্যাব অভিযানে আসার সঙ্গে সঙ্গে তাঁদের বাসায় থাকা সিসি ক্যামেরা খুলে ফেলে। বাসার পাশে খালি জায়গায় পরিত্যক্ত অস্ত্র থাকলে লোকজন জেনে পুলিশকে খবর দিত। এখন তাঁদের বাসার পাশে এই অস্ত্র তাঁদের ফাঁসানোর জন্য রাখা হয়েছে।

এ ব্যাপারে জানতে র‍্যাব–৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমানের মুঠোফোন কল করা হলে তিনি ব্যস্ত আছেন বলে খুদে বার্তায় জানান।

Read full story at source