ফেসবুক মার্কেটপ্লেসে ক্রেতা–বিক্রেতাদের জন্য একাধিক নতুন সুবিধা চালু করছে মেটা
· Prothom Alo

ফেসবুক মার্কেটপ্লেসে ক্রেতা–বিক্রেতাদের অভিজ্ঞতা আরও সহজ ও নিরাপদ করতে একাধিক নতুন সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। নতুন এ উদ্যোগের আওতায় প্ল্যাটফর্মটিতে সহজে পণ্য বিক্রির সুযোগ দিতে নিয়মিত বিক্রেতাদের জন্য আলাদা অ্যাপ তৈরির সুযোগ চালু করা হবে। শুধু তা–ই নয়, সেলফির মাধ্যমে বিনা মূল্যে পরিচয় যাচাই, ফোন বা কম্পিউটারের পুরো পর্দাজুড়ে ভিডিও দেখাসহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন টুলও যুক্ত করবে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এসব সুবিধা চালু করা হবে।
মেটার তথ্যমতে, মার্কেটপ্লেসে নিয়মিত পণ্য বিক্রি করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ‘সেলার’ নামে একটি স্বতন্ত্র অ্যাপ চালু করা হবে। অ্যাপটি কাজে লাগিয়ে বিক্রেতারা পণ্যের তালিকা পরিচালনা, ক্রেতাদের সঙ্গে বার্তা আদান-প্রদান এবং বিভিন্ন পণ্যের কার্যক্রম ও বিক্রির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি মাসে ৪৩ কোটির বেশি নতুন পণ্যের তালিকা প্রকাশ করা হয়। নিয়মিত বিক্রেতাদের জন্য কেনাবেচা আরও সহজ ও সুশৃঙ্খল করতেই নতুন অ্যাপটি চালু করা হচ্ছে।
Visit michezonews.co.za for more information.
ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে নতুন একটি বিনা মূল্যের যাচাইকরণ সুবিধা চালু করছে মেটা। সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সেলফির মাধ্যমে নিজেদের পরিচয় যাচাই করতে পারবেন। যাচাইকরণ সম্পন্ন হলে তাঁদের প্রোফাইলে সাদা বৃত্তের মধ্যে একটি টিকচিহ্ন যুক্ত হবে। এই চিহ্ন ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং ও ফেসবুক গ্রুপে দেখা যাবে। মেটার দাবি, নতুন এই ব্যবস্থা প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করা সহজ করবে। একই সঙ্গে ভুয়া অ্যাকাউন্টের ব্যবহার ও প্রতারণার ঝুঁকি কমিয়ে প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের পারস্পরিক আস্থা বাড়াবে।
ভিডিও দেখার অভিজ্ঞতাতেও পরিবর্তন আনছে ফেসবুক। পরীক্ষামূলকভাবে ফুল স্ক্রিনে নতুন ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে। শুরুতে ভিডিও–নির্ভর কয়েকটি নির্বাচিত বাজারে সুবিধাটি চালু হবে। তবে নতুন ইন্টারফেস ব্যবহার করতে না চাইলে ব্যবহারকারীরা সুবিধাটি বন্ধ করে আগের ফিডভিত্তিক ভিডিও প্রদর্শনপদ্ধতি ব্যবহার করতে পারবেন।
মার্কেটপ্লেস সেলার অ্যাপ এবং ফেসবুক গ্রুপের জন্য এআই–নির্ভর কয়েকটি নতুন সুবিধাও ঘোষণা করেছে মেটা। এসব সুবিধার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরি করা যাবে। পাশাপাশি গ্রুপে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া এবং বিভিন্ন প্রশ্নের উত্তরও সহজে জানা যাবে। মেটা জানিয়েছে, এসব এআই–সুবিধা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজ করবে এবং ফেসবুক ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতা আরও উন্নত করবে।
সূত্র: টেকলুসিভ