ঢাকায় বৃষ্টি কমলেও, দক্ষিণাঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
· Prothom Alo

সারা দেশে বর্ষার স্বাভাবিক বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় শুক্রবার ও শনিবার বৃষ্টি কমে আসতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
Visit newssport.cv for more information.
বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে শুক্রবার পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার থেকে সোমবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ও দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ঢাকায় শুক্র ও শনিবার বৃষ্টিপাতের মাত্রা গত দুই দিনের (বুধ ও বৃহস্পতিবার) তুলনায় কমে আসতে পারে। কিন্তু দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ হবে। রোববার থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে।
বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে—১৪০ মিলিমিটার। আর রাজশাহী, বদলগাছী, চুয়াডাঙ্গা ও ভোলায় বৃষ্টি হয়নি।