পুকুরপাড়ে খেলার সময় পা পিছলে পানিতে পড়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
· Prothom Alo

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো রাইন (৪) ও ইব্রাহিম (৫)। রাইন কাঁঠালবাড়ি এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে এবং ইব্রাহিম একই এলাকার মহসিন মোল্লার ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
Visit afnews.co.za for more information.
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটিতে একটি পাকা ঘাট নির্মাণ করা হয়। আজ সকালে দুই শিশু ওই ঘাটের কাছে খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায়।
সকালে বাড়ির আশপাশে দুই শিশুকে দেখা গেলেও পরে তাদের পাওয়া যাচ্ছিল না বলে জানান দুই শিশুর চাচা চান মোল্লা। তিনি বলেন, স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পুকুরের পানিতে তাদের পাওয়া যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে পুকুর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কান্ত দাস প্রথম আলোকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।