২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে চমকে দিলেন মাশা

· Prothom Alo

গত বৃহস্পতিবার হঠাৎই আলোচনায় ২ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও। ডিডব্লিউ ট্রাভেলের ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, ‘বাংলাদেশকে ভ্রমণের গন্তব্য হিসেবে অনেক সময়ই উপেক্ষা করা হয়। বাংলাদেশি শিল্পী মাশা ইসলাম জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের উপস্থাপক এমা ক্রেমারকে ঢাকার উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখিয়েছেন।’ জার্মান রাষ্ট্রীয় গণমাধ্যম ডয়চে ভেলের এই ভিডিওতে দেখা গেছে তরুণ সংগীতশিল্পী মাশা ইসলামকে। অন্তর্জালে সাড়া ফেলে ভিডিওটি, গতকাল দুপুর পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে প্রায় ১০ হাজার। এটি ছিল আসলে মূল ভিডিওর টিজার। তবে সেটা দেখেই মন্তব্যের ঘরে মাশার সঞ্চালনার প্রশংসা করেছেন অনেক দর্শক। সেই সূত্রেই আলাপ মাশার সঙ্গে।

‘বাংলাদেশজুড়ে একটি ভ্রমণভিত্তিক সিরিজ নির্মাণ ও উপস্থাপনার জন্য ডিডব্লিউ আমার সঙ্গে যোগাযোগ করেছিল। সেখান থেকেই এই প্রকল্পে যুক্ত হওয়া। যতদূর জানি, কোনো বাংলাদেশি ইনফ্লুয়েন্সার ও শিল্পীর সঙ্গে এটিই তাদের প্রথম কাজ,’ প্রথম আলোকে বলেন মাশা।

Visit milkshakeslot.online for more information.

এই সংগীতশিল্পী জানান, ডিডব্লিউ ট্রাভেল ও ডিডব্লিউ বাংলার জন্য তিনি সিরিজটিতে সঞ্চালক হিসেবে কাজ করেছেন। ডয়চে ভেলের সাংবাদিক এমা ক্রেমার সঙ্গে বাংলাদেশের বৈচিত্র্যময় রূপ, ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরে ১০টি ভিন্ন গল্প নিয়ে হাজির হবেন মাশা। অনুষ্ঠানটি ইংরেজি ও বাংলা—দুই ভাষাতেই উপস্থাপনা করেছেন তিনি।

মাশা ও এমা ক্রেমার। ছবি: ফেসবুক থেকে

মাশা নিজে ঘুরতে ভালোবাসেন। তাঁর ফেসবুক–ইনস্টাগ্রামে ঢুঁ মারলে দেখা যায়, দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর ছবি। বিভিন্ন পরিবেশে বসে তাঁর গানের ভিডিওও আলোচিত হয়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি আর মানুষের গল্প তুলে ধরা মাশার জন্য ছিল বিশেষ কিছু। ‘আমার এই জার্নি ছিল দারুণ রোমাঞ্চকর। জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা তো বটেই। ঢাকার আহসান মঞ্চিল, লালবাগ কেল্লাসহ দেশের নানা প্রান্তে ঘুরেছি আমরা,’ বললেন মাশা।

মাশা আরও জানান, ঢাকা ছাড়াও সিলেট শহর, শ্রীমঙ্গল, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরেছেন তাঁরা। অনেক দিন ধরেই গান করছেন, চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে অভিনয়েও অভিষেক হয়েছে। সামনে কি ট্রাভেল ভ্লগ করতেও দেখা যাবে? মাশা জানালেন, অনেক দিন ধরেই নিজের ইউটিউব চ্যানেলে ভ্রমণবিষয়ক ভ্লগ শুরু করার ইচ্ছা তাঁর। তবে কাজের ব্যস্ততার কারণে এখনো সেটা করা হয়ে ওঠেনি। ‘আশা করছি, শিগগিরই নিজের চ্যানেল শুরু করতে পারব। ঘুরতে আমার খুব ভালো লাগে, আর কাজের প্রয়োজনে নিয়মিতই বিভিন্ন জায়গায় যেতে হয়। সেটা সবার সামনে তুলে ধরতে পারলে মন্দ হয় না,’ বললেন তিনি।

এই জার্নিটা মোটেও সহজ ছিল না

২০১৫ সাল থেকে সামাজিক মাধ্যমে কাভার করে পরিচিতি পান মাশা। এভাবেই ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে বড়সংখ্যক দর্শকের কাছে পৌঁছান তিনি। এভাবেই নজরে পড়েন সুরকারদের। নিয়মিত হন প্লেব্যাকেও। পরে ‘টেকা পাখি’, ‘একটুখানি মন’, ‘যেতে যেতে’ গানগুলো সাড়া ফেলে। ‘আমি খুব গর্ববোধ করি যে নিজের যোগ্যতায় সবার নজরে পড়তে পেরেছি। কখনো কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য কাজ করিনি; বরং ভালোবাসার জায়গা থেকে কাজ করে গেছি বলেই হয়তো সবকিছু ন্যাচারালি মিলে গেছে,’ বললেন মাশা।

মাশা ইসলাম। শিল্পীর সৌজন্যে

এই গায়িকা জানান, এখন তিনি নিজের মৌলিক গানের অ্যালবাম নিয়ে কাজ করছেন। অ্যালবামের গানগুলো একে একে প্রকাশ পাবে। এর মধ্যে দুটি গান পুরোপুরি তৈরি হয়ে গেছে।

গানের সঙ্গে অভিনয়টাও চালিয়ে যেতে চান। প্রথম আলোকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘“বনলতা এক্সপ্রেস”–এর পর অভিনয়ের জন্য এখনো ওভাবে কারও সঙ্গে বসা হয়নি। তবে সিনেমার বদলে বর্তমানে দু-একটা টিভিসির প্রস্তাব পেয়েছি। অভিনয়ের এই জগৎ আমার ভীষণ পছন্দ। ইচ্ছা আছে সামনে ভালো কাজ করার। আমি মনে করি, কাজ করতে করতে শিখলে ভবিষ্যতে আরও ভালো করতে পারব।’

Read full story at source