ফেসবুকে লেখা ‘সবাই ক্ষমা কইরেন’, সেলুনে ঝুলছিল তরুণের লাশ

· Prothom Alo

চট্টগ্রামের আনোয়ারায় একটি সেলুন থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বটতলীর রুস্তমহাট এলাকায় এ ঘটনা ঘটে।

Visit newsbetting.bond for more information.

নিহত তরুণের নাম নেপাল রবি দাশ। তিনি উপজেলার পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নেপাল ও তাঁর এক বড় ভাই মিলে রুস্তমহাটে একটি সেলুন পরিচালনা করতেন।

বাজারের দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে নেপালের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। এতে লেখা: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন।’ এটি দেখে স্থানীয় বাসিন্দারা রুস্তমের খোঁজ করতে থাকেন, পুলিশকেও বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ওই সেলুন যায়। সেলুনটির দরজা ভেতর থেকে লাগানো ছিল। পরে পুলিশ দরজা ভেঙে নেপাল রবি দাশের লাশ দেখতে পায়। ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল রাতের খাবার খেয়ে নেপাল ওই সেলুনে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। পরে নেপালের ঝুলন্ত লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Read full story at source