হ্যাটট্রিকের ‘মাস্তানি’তে মেসির রেকর্ড মাস্তানতুয়োনোর

· Prothom Alo

রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন গত বছর আগস্টে। তখন তাঁকে ধরেই নেওয়া হয়েছিল আর্জেন্টিনার আরেক ‘বিস্ময় বালক’। কারও কারও চোখে ‘পরবর্তী মেসি’। কিন্তু তারকায় ঠাসা রিয়ালের একাদশে নিয়মিত খেলে প্রত্যাশা মেটানোর শর্তটা পূরণ করতে পারেননি। গত মৌসুমে ৩৫ ম্যাচ খেললেও শুরুর একাদশে জায়গা পেয়েছেন কমই।

এক বছর পর এই আগস্টে রিয়াল তাঁকে ধারে পাঠায় ফিওরেন্তিনায়। অনেকেই ভেবে নেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও হয়তো আর্জেন্টিনার সেসব প্রতিশ্রুতিশীল প্রতিভাদের একজন, যাঁরা খানিকটা ঝলক দেখিয়েই নিভে যান।

Visit freshyourfeel.org for more information.

ইতালিয়ান ক্লাবটির হয়ে এবার সিরি ‘আ’ মৌসুমের শুরুতেও দেখা যায়নি মাস্তানতুয়োনোর আলো। ফিওরেন্তিনাও তাঁকে নিয়ে লিগের প্রথম ৩ ম্যাচ জিততে পারেনি। কিন্তু গতকাল রাতে ভেনেশিয়ার মাঠ পিয়েরে লুইগি স্টেডিয়ামে মাস্তানতুয়োনোর কী হলো কে জানে! ইউরোপের মাঠে আর্জেন্টাইন ফুটবলপ্রেমীরা তাঁকে ঘিরে ‘মাস্তানি’র যে স্বপ্ন দেখেছিলেন, সেটাই ফিরে এল এই অ্যাটাকিং মিডফিল্ডারের পায়ে। ফিওরেন্তিনার লিগে প্রথম জয়ে ক্লাবটির হয়ে গোলের হিসাব শুরু করলেন হ্যাটট্রিক করে।

ভেনেশিয়ার বিপক্ষে ফিওরেন্তিনার ৪–২ গোলের জয়ে ২৯, ৩০ ও ৮৪ মিনিটে গোল করেন মাস্তানতুয়োনো। প্রথম দুটি গোল ছিল মেসির মতোই ডান প্রান্ত দিয়ে কাট–ইন করে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে। মাস্তানতুয়োনোর পেশাদার ক্যারিয়ারে এটি প্রথম হ্যাটট্রিক। রিভার প্লেটে থাকতে বয়সভিত্তিক দলের হয়ে চারটি হ্যাটট্রিক করেছিলেন। তবে পেশাদার ক্যারিয়ারে তাঁর প্রথম হ্যাটট্রিকটি বিশেষ অন্য কারণে। সেখানেও আছে মেসির প্রসঙ্গ।

এমবাপ্পেকে কেন স্বৈরাচার বলা হয়

১৯ বছর ২৮ দিন বয়সে হ্যাটট্রিক করলেন ফিওরেন্তিনা মিডফিল্ডার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কোনো ম্যাচে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে হ্যাটট্রিক করলেন মাস্তানতুয়োনো। এই পথে ভেঙেছেন মেসির রেকর্ড। বার্সেলোনায় থাকতে ২০০৭ সালের মার্চে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’য় হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি। তখন মেসির বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। এত দিন মেসির দখলেই ছিল এই রেকর্ড, মাস্তানতুয়োনো তাঁকে পেছনে ফেললেন।

গালাতাসারাই স্ট্রাইকার মাউরো ইকার্দি মেসির সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ২০১৩ সালে সাম্পদোরিয়ার হয়ে পেসকারার বিপক্ষে ১৯ বছর ৩৪৩ দিন বয়সে হ্যাটট্রিক আছে ইকার্দির।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রেক্ষাপটে মাস্তানতুয়োনোর কীর্তির মাহাত্ম্য আরও গভীর। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি ছিল চলতি মৌসুমের নবম হ্যাটট্রিক—যেটা দক্ষিণ আমেরিকান ফুটবলারদের মধ্যে দ্বিতীয়। এই দুটো হ্যাটট্রিকই করেছেন আর্জেন্টিনার ফুটবলার। ওসাসুনার বিপক্ষে অন্য হ্যাটট্রিকটি আলাভেসের লুকাস বয়ের। ফিওরেন্তিনার জার্সিতে মাস্তানতুয়োনোর আগে হ্যাটট্রিকটিও এক আর্জেন্টাইনের। ২০১৮ সালের ২৯ এপ্রিল নাপোলির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন জিওভানি সিমিওনে।

দোন্নারুম্মার বাড়িতে ডাকাতি: দুজনের কারাদণ্ড, খালাস একজন

Read full story at source