আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস
· Prothom Alo

আগামীকাল মঙ্গলবার রাত থেকেই গ্যাস–বিদ্যুতের চলমান সংকট কাটানোর উদ্যোগ শুরু হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত ব্যবসায়ীদের এক বৈঠক শেষে এফবিসিসিআই প্রশাসক এ কথা জানান।
Visit somethingsdifferent.biz for more information.
ফজলুল হক বলেন, গ্যাস ও বিদ্যুতের সাম্প্রতিক সংকট কাটিয়ে শিল্পকারখানায় সরবরাহ আগের অবস্থায় ফিরবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে বিজিএমইএ, মেট্রো চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ, বিকেএমইএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী।
ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল রাত থেকেই আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটা আজ অনুষ্ঠিত বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।’
‘আগের অবস্থা’ বলতে কোন সময়ের পরিস্থিতি বোঝানো হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফজলুল হক বলেন, ‘আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছে, তার আগের অবস্থায়।’
আজ সচিবালয়ে বিজিএমইএ, মেট্রো চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ ,বিকেএমইএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমানফজলুল হক বলেন, ‘শুধু ব্যবসা-বাণিজ্য নয়, সমাজের প্রতিটি স্তরের লোকজনই জ্বালানিসংকটে কমবেশি ভুগছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল রাত থেকেই গ্যাস–বিদ্যুৎ সরবরাহ প্রবাহে এর আগের অবস্থায় ফিরে যেতে পারব।’
ফজলুল হক কথা বলার আগে সাংবাদিকদের বৈঠক সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, আজ এই অভূতপূর্ব আয়োজনের মাধ্যমে মূলত ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়নের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়াদি রয়েছে, বিশেষভাবে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে আলোচনা হয়েছে।
মাহদী আমিন জানান, বিদ্যুৎ–সংকট মোকাবিলায় পাঁচটি টার্মিনাল নির্মাণসহ দীর্ঘমেয়াদি কয়েকটি পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। ১৬ বছরের পুঞ্জীভূত সংকট দ্রুতই সমাধান সম্ভব নয়।
মাহদী আমিন আরও বলেন, ‘গ্যাস–বিদ্যুৎ ও কয়লা থেকে একটা সমন্বিত উৎপাদনমুখী ব্যবস্থা, যেখানে আমাদের বিদ্যুতের স্বনির্ভরতা থাকবে এবং এর পাশাপাশি বিশেষভাবে সৌরশক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।’
মাহাদী আমিন আরও বলেন, ‘সামনের দিনগুলোতে আমাদের বিদ্যুৎ খাত বৈচিত্র্যময় হবে এবং আমাদের জ্বালানি সম্পদে স্বয়ংসম্পূর্ণ হব।’