ঢাকাসহ ১৮ জেলায় তাপপ্রবাহ

· Prothom Alo

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন স্থানে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের ১৮ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। এর আগে চলতি মাসে দুই দফায় তাপপ্রবাহ বয়ে যায়। আবহাওয়ার অফিস অবশ্য বলেছে, আগামীকাল মঙ্গলবার থেকে তাপপ্রবাহ কমে আসতে পারে।

আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যদি কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

Visit orlando-books.blog for more information.

প্রখর রোদের মধ্যে খেতে পরিচর্যার কাজে ব্যস্ত দুই কৃষক। মাথায় মাথাল দিয়েও মাঠে গরমে টিকতে না পেরে গাছের ছায়ায় ছুটে আসছেন তাঁরা। পার রানীর পাড়া গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২১ সেপ্টেম্বর

আজ রাজধানীর বাইরে আর যেসব জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেগুলোর মধ্যে আছে সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৬, ফরিদপুর ৩৭, গোপালগঞ্জ ৩৬ দশমিক ২, কিশোরগঞ্জের নিকলী ৩৬, রাজশাহী ৩৬ দশমিক ৫, ময়মনসিংহ ৩৬ দশকি ৪, নেত্রকোনা ৩৬, সিলেট ৩৬ দশমিক ১, টাঙ্গাইল ৩৬ দশমিক ৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৩৭ দশমিক ৫, খুলনা ৩৭, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ৩৬, যশোর ৩৬ দশকি ২, চুয়াডাঙ্গা ৩৭, চট্টগ্রামের সন্দ্বীপ ৩৬ দশমিক ১, ফেনী ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

প্রখর রোদ আর গরমে মানুষের পাশাপাশি হাঁসফাঁস অবস্থা প্রাণিকুলের। পানির পাইপে মুখ লাগিয়ে তৃষ্ণা মেটাচ্ছে কবুতর। রেলস্টেশন, সিলেট, ২১ সেপ্টেম্বর

গত মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এর পরদিন ১১ জেলায় তাপপ্রবাহ ছিল। দুই দিনের বিরতির পর শনিবার আবার তাপপ্রবাহ শুরু হয়। তবে গতকাল রোববার বৃষ্টি বেড়ে গেলে তাপপ্রবাহ কমে যায়। আজ আবার তাপপ্রবাহ শুরু হলো। তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ প্রথম আলোকে বলেন, আগামীকাল থেকে তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে।

প্রখর রোদের মধ্যে ছাতা মাথায় যাত্রীর জন্য অপেক্ষা করছেন রাইড শেয়ার চালকেরা। আজ দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ে। ২১ সেপ্টেম্বর

আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যেই জানিয়েছে, সাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি সৃষ্টি হয়েছে মূলত উত্তর আন্দামান সাগরে। এটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে অধিদপ্তরের সূত্রগুলো জানিয়েছে। তবে এটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের দিকে যেতে পারে। এর প্রভাবে অবশ্য বাংলাদেশের উপকূলে আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে।

Read full story at source