অবস্থান শনাক্তের পরপরই মুঠোফোন বন্ধ, লক্ষ্মীপুরে তিন দিন ধরে দুই কিশোর নিখোঁজ
· Prothom Alo

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তিন দিন ধরে ১৪ বছর বয়সী দুই কিশোর নিখোঁজ রয়েছে। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া দুই কিশোর পরস্পরের বন্ধু। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো—কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত আজিম। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যজন চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে মো. ইকরামুল হাসান মিনহাজ। সে রায়পুর আলিয়া কামিল মাদ্রার ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
Visit esporist.com for more information.
পুলিশ জানায়, মুঠোফোনের অবস্থান শনাক্ত করে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই শিক্ষার্থীর চট্টগ্রামের আশপাশে থাকার তথ্য পাওয়া যায়। তবে অবস্থান শনাক্ত হওয়ার পরপরই তাঁদের মুঠোফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে ফোন দুটিতে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁদের অবস্থান নিশ্চিত করতে পুলিশ মুঠোফোনের সর্বশেষ লোকেশনসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করছে।
এ ঘটনায় নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন গত সোমবার রাতে রায়পুর থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
দুই কিশোরের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। কিন্তু দিন শেষে তারা আর ঘরে ফেরেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁদের সন্ধানে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। মুঠোফোন ট্র্যাকিং করে গতকাল সন্ধ্যায় তাঁদের চট্টগ্রামের আশপাশে অবস্থানের তথ্য পাওয়া গিয়েছিল। এর আগে তাদের অবস্থান ছিল পতেঙ্গা। এরপর থেকে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ দুই শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।