জবাবদিহির মধ্যে না থাকলে রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া বিপথগামী হয়: জহির উদ্দিন স্বপন
· Prothom Alo

জবাবদিহির মধ্যে না থাকলে রাজনৈতিক প্রক্রিয়া ও রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। শুক্রবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
জহির উদ্দিন বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে মানুষকে জবাবদিহির মধ্যে থাকতে হয়। একইভাবে রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়াকেও ধারাবাহিক জবাবদিহির মধ্যে রাখতে হয়। তা না হলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য। শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে এর প্রমাণ পাওয়া গেছে।
Visit sportbet.rodeo for more information.
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন জনগণের সঠিক ভোটাধিকারের মাধ্যমে করে জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠন করে সরকারে থাকলেও জবাবদিহির মধ্যে থাকতেন। আর সরকারে না থাকলে বিরোধী দলের দায়িত্ব পালন করতেন। কিন্তু জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না দেওয়ার পরিণতিতে তাঁকে এখন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
গণমাধ্যমের জবাবদিহির প্রসঙ্গ তুলে জহির উদ্দিন বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে জবাবদিহিহীন প্রতিষ্ঠান থাকতে পারে না। বড় কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিক হলেই তিনি জবাবদিহির বাইরে থাকতে পারেন না। ওই প্রতিষ্ঠান কর দেয় কি না, সাংবাদিক-কর্মচারীদের বেতন ও ওয়েজবোর্ড বাস্তবায়ন করে কি না, সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করে কি না এবং সংবাদ প্রকাশের নামে অপতথ্য ছড়ায় কি না, সেসব জানার অধিকার জনগণের রয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় দেশের একদল গণমাধ্যম আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল। এসব গণমাধ্যমের ভূমিকার কারণে একদল তরুণ রাজনৈতিক কর্মী জাতীয় পর্যায়ের নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।
জহির উদ্দিন মনে করেন, গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহির অধিকার নিশ্চিত করার পাশাপাশি সেই ক্ষমতার যথাযথ ব্যবহারের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। গণমাধ্যম যেন দেশের বা মানুষের বিরুদ্ধে তার ক্ষমতা ব্যবহার করতে না পারে, সে জন্যও জবাবদিহির ব্যবস্থা থাকা দরকার।
‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশক ও সম্পাদক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর জামায়াতের আমির মাওলানা মোহাম্মাদ হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জহির উদ্দিন স্বপন সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র মোড়ক উন্মোচন করেন। পরে দুপুরে তিনি কবি-সাহিত্যিকদের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।