কঠিন সময় পেরিয়ে এথনিক আবেদন নিয়ে ফিরলেন স্নিগ্ধা চৌধুরী
· Prothom Alo

জীবনের কঠিন এক সময়ের মুখোমুখি হয়ে কিছুদিন নিজেকে সময় দিয়েছেন স্নিগ্ধা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে ছিলেন। সেই কঠিন সময় পেরিয়ে এবার নতুন করে পথচলা শুরু করেছেন এই মডেল ও অভিনেত্রী। সম্প্রতি আলোকচিত্রী জয়িতা তৃষার ক্যামেরায় নতুন লুকে ধরা দিয়েছেন তিনি।
Visit chickenroadslot.pro for more information.
বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে চলেছেন স্নিগ্ধা চৌধুরী। অর্থনীতিতে পড়াশোনা করা স্নিগ্ধার জন্য পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের জগতে পথচলা সহজ ছিল না। তবে ধীরে ধীরে নিজের কাজ ও প্রতিভা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। মডেলিং ও বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও।
রায়হান রাফীর সাড়া জাগানো সিনেমা ‘প্রেশার কুকার’-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন স্নিগ্ধা। অভিনয়ে আসার আগেই র্যাম্পে নিয়মিত নজর কেড়েছেন এই মডেল। গ্লোবাল ইন্ডিয়ান কুতুর উইকের মতো আন্তর্জাতিক ফ্যাশন আয়োজনেও হেঁটেছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আকর্ষণীয় লুকে ধরা দেন স্নিগ্ধা। তাঁর ফ্যাশনেবল উপস্থিতি মুগ্ধ করে অনুসারীদেরও।
তবে ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই গত জুলাইয়ে জীবনের কঠিন এক সময়ের মুখোমুখি হতে হয় স্নিগ্ধাকে। মারধরের শিকার হওয়ার পর টানা অনেক দিন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। চিকিৎসকের পরামর্শে এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে ছিলেন তিনি।
নিজেকে সময় দিতে পরিবারের সঙ্গে থেকেছেন। কখনো কেঁদেছেন, কখনো নীরব থেকেছেন, আবার নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়েও ভেবেছেন। সব মিলিয়ে সময়টিকে জীবনের অন্যতম কঠিন অধ্যায় হিসেবেই দেখছেন স্নিগ্ধা।
তবে এই কঠিন পরিস্থিতি তাঁকে থামিয়ে দিতে পারেনি। বরং কিছুদিনের বিরতির পর নিজেকে নতুন করে গুছিয়ে আবারও পথচলার প্রস্তুতি নিয়েছেন তিনি। সম্প্রতি আলোকচিত্রী জয়িতা তৃষার ক্যামেরায় নতুনভাবে ধরা দিয়েছেন স্নিগ্ধা। ফটোশুটে তাঁর সাজে ছিল ‘ক্যানভাস বাই তন্বী কবির’-এর ব্রাস মেটালের গয়না। মেকআপ করেছেন পারভেজ দ্য মেকআপ আর্টিস্ট।
নতুন এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন স্নিগ্ধা নিজেই। আর লিখেছেন,
‘সে যুগে যুগে একই রকম
একটু মায়াবতী, একটু অভিমানী
কিছুটা দুর্বোধ্য, কিছুটা নিষ্ঠুর
তার চোখে প্রেম থাকলেও
ঠোঁটে তাহার শুধুই নীরবতা।’
নতুন ফটোশুটে এথনিক সাজে ফ্রেমবন্দি হয়েছেন সুন্দরী। ম্যাজেন্টা ও সোনালি জরির কাজের বেনারসি শাড়ির সঙ্গে পরেছেন পান্না সবুজ স্লিভলেস ব্লাউজ।
মাথায় জড়ানো সবুজ ওড়নার বর্ডারে আছে সোনালি জরির কারুকাজ। শাড়ির আঁচল জুড়ে জ্যামিতিক মোটিফ ও ফুলেল নকশার বুনন লুকে তৈরি করেছে ঐতিহ্যবাহী আবহ। স্নিগ্ধার সাজসজ্জাতেও ফুটে উঠেছে পুরোদস্তুর রাজকীয় সাবেকি আবেদন।
খোঁপা করা চুলে শোভা পেয়েছে সাবেকি ধাঁচের মাথাপাট্টি। নাকে বড় গোলাকার নথ, কানে ঝুলন্ত দুল। গলায় পরেছেন ভারী চোকার নেকলেস, যাতে ঝুলছে পান্না সবুজ পাথর—শাড়ি ও ব্লাউজের সবুজের সঙ্গে যা তৈরি করেছে সুন্দর সামঞ্জস্য। এক হাতে লাল কাচের চুড়ি ও মোটা সোনালি বালা, অন্য হাতে রতনচূড় ও আংটি। হাতের লাল আলতাও আলাদা করে নজর কেড়েছে।
কোমরে ঝুলন্ত চেইনের বিছা যোগ করেছে আরও একটু আবেদন। তবে এত আয়োজনের মধ্যেও মেকআপে ছিল মিনিমাল ছোঁয়া। চোখ ভর্তি কাজল, কপালে সাদা চন্দনের কলকা আর লাল টিপে ফুটে উঠেছে স্নিগ্ধতার আবহ।
ছবি: ইন্সটাগ্রাম