কুমিরের মুখ থেকে গাভিটিকে ছাড়িয়ে আনলেন তাঁরা
· Prothom Alo
বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদে একটি গাভিকে টেনে নিয়ে যাচ্ছিল কুমির। পাড়ে থাকা শহিদুল ইসলামসহ কয়েকজন ঘটনাটি দেখতে পান। এ সময় লাঠিসোঁটা নিয়ে নেমে কুমিরের মুখ থেকে গাভিটিকে ছাড়িয়ে আনেন তাঁরা।
Visit tr-sport.bond for more information.
আজ সোমবার দুপুরে শরণখোলা উপজেলার সুন্দরবন-সংলগ্ন বগী এলাকায় এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম বলেন, দুপুরে তাঁরা কয়েকজন নদের পাড়ে বসে ছিলেন। এ সময় একটি কুমির গাভিটিকে টেনে নদীর দিকে নিয়ে যাচ্ছিল। পরে তাঁরা কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে গাভিটিকে নদীতে ছেড়ে চলে যায় কুমিরটি।
গাভির মালিক পুতুল বেগম বলেন, ‘এটি আমার একমাত্র সম্বল। কুমিরের আক্রমণে গরুটি গুরুতর আহত হয়েছে। এখন উঠে দাঁড়াতেও পারছে না। চিকিৎসা দেওয়া হয়েছে। গরুটির এখন কী হয়, বোঝা যাচ্ছে না।’
শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ বলেন, কুমিরের আক্রমণে গাভিটি বেশ জখম হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
গরুর ওপর কুমিরের হামলার খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।