স্ত্রীর মৃত্যুর দুই দিন পর হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

· Prothom Alo

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যাওয়ার দুই দিন পর গতকাল মঙ্গলবার রাতে তাঁকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Visit mwafrika.life for more information.

আজ বুধবার মাহাথির মোহাম্মদের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

১০১ বছর বয়সী মাহাথিরকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর সহযোগী সুফি ইউসুফ। তিনি বলেছেন, ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আনুষ্ঠানিকভাবে রোগনির্ণয় না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুই দফায় ২০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন মাহাথির। তাঁর হৃদ্‌যন্ত্রের সমস্যা আছে। এর আগে তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

সর্বশেষ গত জানুয়ারিতে পড়ে গিয়ে নিতম্বে চোট পাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। এবার স্ত্রীকে হারানোর দুই দিনের মাথায় তাঁকে হাসপাতালে নেওয়া হলো।

মাহাথির মোহাম্মদের সঙ্গে তাঁর স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী

মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ ছিলেন চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী। তাঁদের দাম্পত্য জীবন ছিল ৭০ বছরের। ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান তিনি।

স্ত্রীর মৃত্যুর পর মাহাথিরকে দৃশ্যত আবেগাপ্লুত দেখা গেছে। তাঁর শেষকৃত্যের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অ্যাকাউন্টগুলোতে প্রকাশ করা হয়েছে। সেখানে দেশটির সাবেক রাজার সঙ্গে কথা বলার সময় চোখের পানি মুছতে মুছতে মাহাথিরকে বলতে শোনা যায়, ‘আমি ভাবিনি, আজ তাঁর মৃত্যু হবে।’

মাহাথির মোহাম্মদ: চিকিৎসক থেকে আধুনিক মালয়েশিয়ার রূপকার

Read full story at source