একসময় স্কুলের বেতন দিতে পারেননি, এখন ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান
· Prothom Alo

আজ ভারতের অন্যতম ধনী অভিনেতা সালমান খান। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি রুপি। অথচ একসময় স্কুলের বেতন সময়মতো দিতে না পারায় তাঁকেই ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। শুধু তা-ই নয়, একই কারণে একপর্যায়ে স্কুল থেকেও তাঁকে বের করে দেওয়া হয়।
সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার উপস্থাপনায় ‘টু মাচ’ অনুষ্ঠানে শৈশবের সেই দিনের কথা জানিয়েছেন সালমান। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন আমির খানও।
Visit turconews.click for more information.
অভিনেতা সালমান খানবেতন বাকি থাকায় ক্লাসের বাইরে
সালমান জানান, দুষ্টুমির জন্য স্কুলে প্রায়ই তাঁকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হতো। অন্য একদিনও বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তবে সেদিনের কারণ ছিল ভিন্ন।
তখন সালমান চতুর্থ শ্রেণির ছাত্র। ছেলে কেন বাইরে দাঁড়িয়ে আছে, জানতে শিক্ষককে জিজ্ঞাসা করেন তাঁর বাবা সেলিম খান। শিক্ষক জানান, সালমান কোনো অপরাধ করেনি। সময়মতো স্কুলের বেতন পরিশোধ না করায় তাঁকে বাইরে রাখা হয়েছে।
সালমান বলেন, ‘তখন বাবা বলেছিলেন, “তাহলে তো আমাকে বাইরে দাঁড় করানো উচিত।”’
এরপর স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের ব্যবস্থা করেন সেলিম খান। কিন্তু দুই সপ্তাহ পর একই ঘটনা আবার ঘটে। এবার সালমানকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
অনুষ্ঠানে আমির খানও জানান, তাঁদের পরিবারেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তাঁর মা–বাবাও সময়মতো স্কুলের বেতন দিতে পারতেন না। এ কারণে স্কুলের সমাবেশে তাঁদের নাম ঘোষণা করা হতো।
বন্যাদুর্গত মানুষের পাশে সালমান খান, বানাবেন ৫০০ ঘরতখনো অর্থকষ্টে সেলিম খান
সালমানের শৈশবে তাঁর বাবা সেলিম খানও অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ষাটের দশকে মুম্বাইয়ে আসার পর তিনি মেরিন ড্রাইভ এলাকার একটি অতিথিশালায় থাকতেন। অর্ধেক ঘরের জন্য মাসে ৫৫ রুপি ভাড়া দিতেন তিনি।
‘অ্যাংরি ইয়াং মেন’ তথ্যচিত্রে সেলিম খান জানিয়েছিলেন, পুরো ঘর ভাড়া নেওয়ার ইচ্ছা ছিল তাঁর। সে জন্য মাসে ১১০ রুপি প্রয়োজন ছিল। কিন্তু সেই সামর্থ্য তখন হয়নি।
পরে অভিনয় থেকে চিত্রনাট্য লেখায় আসেন সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে লেখেন ‘জঞ্জির’, ‘শোলে’, ‘দিওয়ার’-এর মতো জনপ্রিয় সিনেমা। একসময় ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া চিত্রনাট্যকারদের একজন হয়ে ওঠেন তিনি।
সালমান খানপ্রথম পারিশ্রমিক ৩১ হাজার রুপি
অর্থকষ্টের সেই সময় পেরিয়ে সালমানও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তাঁর অভিষেক। এর আগে তিনি ‘ফালাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় নায়ক হিসেবে বড় সাফল্য পান। সিনেমাটি ব্যবসাসফল হলেও এরপর কয়েক মাস কাজ পাননি সালমান।
তাঁর ভাষ্য, সিনেমাটির সাফল্যের কৃতিত্ব তখন অনেকটাই নায়িকা ভাগ্যশ্রীর দিকে যাচ্ছিল।
পরে বাবা সেলিম খানের উদ্যোগে প্রযোজক জি পি সিপ্পি ঘোষণা দেন, তিনি সালমানকে একটি সিনেমায় নিয়েছেন। সেই খবর প্রকাশের পর কাজের প্রস্তাব আসতে শুরু করে।
‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় সালমানের পারিশ্রমিক ছিল ৩১ হাজার রুপি। পরে তাঁর কাজ দেখে সেটি বাড়িয়ে ৭৫ হাজার রুপি করা হয়।
তবে অভিনয়ে আসার আগেও উপার্জন করেছিলেন সালমান। ১৪ বছর বয়সে মুম্বাইয়ের তাজ হোটেলে একটি অনুষ্ঠানে পেছনের সারির নৃত্যশিল্পী হিসেবে নেচে তিনি পেয়েছিলেন মাত্র ৭৫ রুপি।
আজ সেই সালমান খানের আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। ভারতের ধনী অভিনেতাদের তালিকায় তাঁর ওপরে রয়েছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। শাহরুখের সম্পদের পরিমাণ আনুমানিক ১০ হাজার কোটি রুপি। অমিতাভের ৪ হাজার কোটি রুপি।
সামনে সালমানের দুই সিনেমা
সালমানকে সামনে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায় দেখা যাবে। সিনেমাটি দীপাবলির পর মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বর্তমানে ‘মনস্টার’ সিনেমায় কাজ করছেন তিনি। সিনেমাটিতে তাঁর সঙ্গে আছেন নয়নতারাও।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে