আর্জেন্টিনার জার্সিতে মেসির সেরা ১০ মুহূর্ত দেখে নিন

· Prothom Alo

২১ বছরের ক্যারিয়ার। ২০৭ ম্যাচে ১২৫ গোল। ৬৮ অ্যাসিস্ট। ম্যাচপ্রতি গোলের গড় শূন্য দশমিক ৯৩। আছে বিশ্বকাপ ট্রফি জয়ের পদক। কোপা আমেরিকা শিরোপা জয়ের পদকও আছে দুটি। আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির এ সোনা ফলানো ক্যারিয়ার থেকে সেরা ১০টি মুহূর্ত বেছে নেওয়া খুব কঠিন। সে জন্য বেছে নেওয়া এ ১০ মুহূর্তের সঙ্গে পাঠকের ভাবনা না–ও মিলতে পারে। আর্জেন্টিনার জার্সিতে মেসির মুহূর্তের মহিমা তো আর কম নেই!

নেদারল্যান্ডস, বিশ্বকাপ: ৯ ডিসেম্বর, ২০২২

মেসি যে আর্জেন্টিনার জন্য নিবেদিতপ্রাণ, সেদিন তা আরও স্পষ্ট হয়ে উঠেছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে একটি গোল করার পাশাপাশি আরও একটি গোল করান। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়া সেই ম্যাচ টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা। ডাচদের চোখে চোখ রেখেই সেদিন সবকিছুর জবাব দিয়েছিলেন মেসি

সার্বিয়া ও মন্টেনেগ্রো, বিশ্বকাপ: ১৬ জুন ২০০৬

বিশ্বকাপে মেসির প্রথম গোল। ২০ বছর পর গত জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে এসে হয়ে যান এ টুর্নামেন্টের রেকর্ড গোলদাতা। কিলিয়ান এমবাপ্পে পরে রেকর্ডটির দখল নিলেও বিশ্বকাপে মেসির মাধুর্য হয়ে যায় চিরকালীন। সেই মাধুর্যেরই জন্ম হয়েছিল মেসির প্রথম গোলে

মেক্সিকো, কোপা আমেরিকা: ১১ জুলাই, ২০০৭

গোলাজো! বক্সে বাঁ কোনায় একটু দূর থেকে বাঁ পায়ের চোখধাঁধানো চিপ। মেক্সিকো গোলকিপার এগিয়ে আসায় কিছুই করতে পারেননি। মেসির চোখধাঁধানো সেই গোল তাঁর আর্জেন্টিনা–ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। ওই গোলেই অনেকে মেসির গায়ে ভবিষ্যৎ কিংবদন্তির সিলমোহর লাগিয়ে দেন

মিসর, বিশ্বকাপ: ৭ জুলাই, ২০২৬

শেষ ষোলো থেকে বিদায় চোখ রাঙাচ্ছিল আর্জেন্টিনাকে। মিসর এগিয়ে ছিল ২-০ গোলে। ম্যাচ শেষ হতে বাকি ১২ মিনিট। শুরু হয় মেসি-ম্যাজিক! ক্রস থেকে ক্রিস্টিয়ান রোমেরোকে দিয়ে গোল করিয়ে দলকে সমতায় ফেরান। এরপর চমৎকার এক হাফ ভলি শটে গোল করলেন নিজে। পরে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করলেও পাঁচ মিনিটের এক ঝড়ে আর্জেন্টিনাকে সমতায় ফিরিয়ে দারুণ মুহূর্তের জন্ম দেন মেসি

যুক্তরাষ্ট্র, কোপা আমেরিকা: ২১ জুন, ২০১৬

টুর্নামেন্টের শতবর্ষপূর্তির সেই আসরে সেমিফাইনাল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলে জয়ের সে ম্যাচে ২৫ গজ দূর থেকে ফ্রি–কিকে গোল করেন মেসি। চারজনে তৈরি মানবদেয়ালের ওপর দিয়ে বল না পাঠিয়ে পাশ দিয়ে শট নিয়েছিলেন। মেসির ক্যারিয়ারেই ওটা ফ্রি–কিক থেকে অন্যতম সেরা গোল

ফ্রান্স, বিশ্বকাপ: ১৮ ডিসেম্বর, ২০২২

মেসির ক্যারিয়ারের সেরা ম্যাচ? সম্ভবত। সেই বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের মধ্যে দুটি গোল করেন মেসি। টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন। গঞ্জালো মন্তিয়েলের লক্ষ্যভেদের পর বিশ্বকাপ জয়ের আনন্দে মেসির মাঠেই বসে পড়ার সেই দৃশ্য ভুলবেন না অনেকেই

বসনিয়া-হার্জেগোভিনা, বিশ্বকাপ: ১৬ জুন, ২০১৪

মাঝমাঠের কাছাকাছি জায়গায় বল পেলেন মেসি। সামনে তখন প্রায় পুরো বসনিয়া ও হার্জেগোভিনা দল। ছুটলেন সামনে। চোখের পলকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে করলেন অবিশ্বাস্য এক গোল। মেসির ক্যারিয়ারে এমন গোল অনেক থাকলেও সেদিন ওই গোলের আগে বেশির ভাগ সময়ই মাঠে হেঁটেছেন। সে জন্যই গোলটি আলাদা

ব্রাজিল, অনূর্ধ্ব–২০ কোপা আমেরিকা: ৬ ফেব্রুয়ারি, ২০০৫

শৈশবে লিয়ান্দ্রো বেনিতেজ ও লুকাস স্কাগলিয়া নামের দুই বন্ধু ছিল মেসির। ২০০৫ অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিল ম্যাচের আগে মেসিকে তাঁর দুই বন্ধু বলেছিলেন গোল পেলে বুকে তিন আঙুল (তিন বন্ধুর প্রতীক) রেখে উদ্‌যাপন করতে। ৭৫ মিনিটে গোলটি করে ঠিক সে কাজই করেন মেসি

মেক্সিকো, বিশ্বকাপ: ২৬ নভেম্বর, ২০২২

পরবর্তী রাউন্ডে উঠতে গ্রুপের এ ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার জন্য। মেক্সিকো কৌশলগতভাবে খুব ভালো খেলায় ৬৩ মিনিট পর্যন্তও গোল পায়নি আর্জেন্টিনা। এরপরই মেসি–ম্যাজিক! ৬৪ মিনিটে ২০ গজ দূর থেকে দারুণ শটে গোল করেন। ওই গোলের পরই মেক্সিকোর আর হালে পানি পায়নি। পরে এনজো ফার্নান্দেজও গোল করেন

ইকুয়েডর, বিশ্বকাপ বাছাই: ১০ অক্টোবর, ২০১৭

টানা চার ম্যাচে জয়হীন আর্জেন্টিনাকে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে ইকুয়েডরকে হারাতেই হতো। দুর্দান্ত হ্যাটট্রিকে তুলে নেওয়া জয়ে সব দুশ্চিন্তা উড়িয়ে দেন মেসি

Visit rouesnews.click for more information.

Read full story at source