সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ও তাঁর পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
· Prothom Alo

পুলিশের সাবেক অতিরিক্ত আইজি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবারের সদস্যদের নামে ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ।
Visit betsport.cv for more information.
ব্যাংক হিসাব জব্দের আদেশ পাওয়া অন্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা, মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম।
আবেদন অনুযায়ী, মনিরুল ইসলামের ১১টি হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা ও ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড, সায়লা ফারজানার ৫টি হিসাবে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা, শাহীনের ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং সানজিদার ২৭টি হিসাবে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা রয়েছে। তাঁরা এসব অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন।
দুদকের আবেদনে আরও বলা হয়, আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা লুটপাট, জঙ্গিবাদের তকমা দিয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের এনজিওর নিয়ন্ত্রণ গ্রহণপূর্বক অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে মনিরুল ও তাঁর পরিবারের সদস্যরা অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। তাঁরা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদের মালিক হয়েছেন মর্মে তথ্য পাওয়া গেছে। ওই বিষয়ে অনুসন্ধান চলছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র অনুযায়ী অভিযোগ সংশ্লিষ্টদের নামে অসংখ্য ব্যাংক হিসাব পাওয়া গিয়েছে। বর্তমানে সেসব হিসাবে মোট ১৪ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৩৮৮ টাকা রয়েছে। এই অর্থ তাঁরা উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে।