চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি
· Prothom Alo

উপাচার্য পদ ঘিরে আন্দোলনের কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যে অচলাবস্থা চলছে, তা নিরসন ও শিক্ষা কার্যক্রম আবার চালুর লক্ষ্যে সুপারিশ দিতে ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে আজ সোমবার এ কমিটি গঠন করা হয়েছে।
Visit biznow.biz for more information.
এর আগে গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে চিঠি দিয়ে এ কমিটি গঠনের আহ্বান জানায়।
পরামর্শক কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুনকে। কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল ফোরকান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইউসুপ ইলাহী চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান (সদস্যসচিব)। এ ছাড়া ইউজিসির সহকারী পরিচালককে কমিটিকে সাচিবিক সহায়তার জন্য রাখা হয়েছে।
এই পরামর্শক কমিটি চুয়েটের অচলাবস্থা নিরসন ও শ্রেণিভিত্তিক শিক্ষা কার্যক্রম আবার চালুর বিষয়ে ইউজিসির কাছে প্রতিবেদন জমা দেবে।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে গত ২৭ জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর তাঁকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় সর্বাত্মক শাটডাউন। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে যোগ দেন। ফলে প্রায় এক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।