বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

· Prothom Alo

ইউরোপের সেরাদের লড়াইয়ে নিজেদের অবস্থানটা আবার মনে করিয়ে দিল পিএসজি। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানোর পর গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকেও একই ব্যবধানে হারিয়েছে প্যারিসের ক্লাবটি। মৌসুমের শুরু থেকে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনাকে হারানোর পর তাই গর্ব লুকাতে পারেননি পিএসজির মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।

বার্সার ব্যাজে করাত চলল প্যারিসীয় কায়দায়, ভুলের আক্ষেপ ফ্লিকের

ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে হাকিমি বলেন, ‘এমন একটি দলের বিপক্ষে খেললে আপনি তাদের দেখিয়ে দিতে চাইবেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই, আমরাও বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি এই মুহূর্তে হয়তো সেরা দল।’

Visit een-wit.pl for more information.

বার্সেলোনার বিপক্ষে জয়টি শুধু তিন পয়েন্ট পাওয়ার উপলক্ষ ছিল না পিএসজির জন্য। ইউরোপীয় ফুটবলে নিজেদের আধিপত্য প্রমাণেরও সুযোগ ছিল। সেটা খুব ভালোভাবেই দেখাতে পেরেছে লুইস এনরিকের দল। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল তারা। এবার জিতল মৌসুমে এর আগে কোনো ম্যাচ না হারা বার্সেলোনাকে হারিয়ে।

পিএসজির গোল উদযাপন


ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোকে হাকিমি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি খুব কঠিন হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এই মৌসুমে এখনো হারেনি। কিন্তু আমাদের দলটি অসাধারণ।’

ম্যাচটি অবশ্য পিএসজির জন্য মোটেও সহজ ছিল না। দুবার ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণও বারবার বদলেছে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার সামর্থ্যে সন্তুষ্ট হাকিমি।

তাঁর ভাষায়, ‘সমর্থকদের জন্য এটি ছিল দারুণ একটি ম্যাচ। খেলতেও আমাদের ভালো লেগেছে। এ ধরনের ম্যাচে আমাদের খুব উঁচু মানের রক্ষণ ও আক্রমণ করতে হয়।’

জয়ের আনন্দের মধ্যেও অবশ্য হাকিমির চোখ সামনের দিকে। এবারের মৌসুমে পিএসজির লক্ষ্য আরও একবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়। সেই স্বপ্ন পূরণে প্রতিটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।

হাকিমি বলেন, ‘এ বছর আমাদের বড় একটি লক্ষ্য আছে, আমরা সেটি অর্জনের চেষ্টা করছি। আবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই আমরা। আমাদের লক্ষ্য জিততে থাকা।’

জয়ের আনন্দের মধ্যেও অবশ্য হাকিমির চোখ সামনের দিকে।


দলের এই জয়ের মানসিকতা ধরে রাখার পেছনে কোচ লুইস এনরিকের অবদানের কথাও আলাদা করে উল্লেখ করেছেন হাকিমি। প্রতিদিন খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা জাগিয়ে রাখতে কাজ করেন এই স্প্যানিশ কোচ।
হাকিমির কথায়, ‘কোচ প্রতিদিন নিশ্চিত করেন, যেন আমরা জয়ের মানসিকতা হারিয়ে না ফেলি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি, এভাবেই আমরা জয় পেতে থাকব।’

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

Read full story at source