সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান
· Prothom Alo

সৌরজগতে প্লুটোর কক্ষপথের বাইরে নতুন একটি বামন গ্রহের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগের প্রভাষক ও স্মিথসোনিয়ানের জ্যেষ্ঠ জ্যোতিঃপদার্থবিদ ম্যাথিউ হোলম্যান। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের স্বীকৃতি পেলে ‘ইডি১৩৮’ নামের গ্রহটি হবে আমাদের সৌরজগতের ষষ্ঠ বামন গ্রহ। চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরির শক্তিশালী টেলিস্কোপের ধারণ করা তথ্য বিশ্লেষণ করে নতুন বামন গ্রহটি আবিষ্কার করা হয়েছে।
ম্যাথিউ হোলম্যানের তথ্যমতে, নতুন বামন গ্রহটির ব্যাস ৬০০ থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার হতে পারে। এর ফলে এটি আমাদের সৌরজগতে থাকা স্বীকৃত ক্ষুদ্রতম বামন গ্রহ ‘সেরেস’–এর চেয়ে আকারে বড়। বর্তমানে বামন গ্রহটি সূর্য থেকে প্রায় ৪৬ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে অবস্থান করছে। এর অর্থ হলো এটি প্লুটোর চেয়ে দূরে রয়েছে।
Visit extonnews.click for more information.
এত দিন বামন গ্রহটি আবিষ্কার করতে না পারার পেছনে দুটি কারণ রয়েছে। দক্ষিণ গোলার্ধে থাকায় উত্তর গোলার্ধ থেকে বামন গ্রহটি দেখা অত্যন্ত কঠিন। এ ছাড়া এটি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির একই সমতলে অবস্থান করছে। মিল্কিওয়েতে অসংখ্য তারা থাকায় সহজে চলমান বস্তু খুঁজে পাওয়া যায় না।
নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যান্টারবারির সহযোগী অধ্যাপক মিশেল ব্যানিস্টার জানান, ইডি১৩৮ বৈজ্ঞানিকভাবে অত্যন্ত চমৎকার। কারণ, এটি একটি বৃহৎ ট্রান্স নেপচুনিয়ান বস্তু বা টিএনও। অন্যান্য টেলিস্কোপ এখন এ সম্পর্কে আরও তথ্য জানতে কাজ শুরু করবে।
প্রসঙ্গত, ২০০৬ সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত এক সম্মেলনে বিজ্ঞানীরা প্রথমবারের মতো গ্রহের আনুষ্ঠানিক সংজ্ঞা নির্ধারণ করেন। সেখানে বলা হয়, গ্রহ হতে হলে অবশ্যই তিনটি শর্ত পূরণ করতে হবে। বস্তুটিকে অবশ্যই সূর্যকে প্রদক্ষিণ করতে হবে। এ ছাড়া বস্তুটির নিজস্ব মহাকর্ষ বলের কারণে প্রায় গোলাকার আকৃতি ও শক্তিশালী কক্ষপথ অনুসরণ করতে হবে।
সূত্র: সিএনএন