৯% সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ পাবেন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষ

· Prothom Alo

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে ডিজিটাল মাধ্যমে ঋণ দেওয়ার জন্য ১০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে পুনঃ অর্থায়ন সুবিধা নিয়ে ব্যাংকগুলো একজন গ্রাহককে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ দিতে পারবে।

Visit betsport24.es for more information.

এ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। তবে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এ নিয়ে গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে আগে চালু করা ‘ই-ঋণ’ পুনঃ অর্থায়ন কর্মসূচি নতুন করে সাজিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। তহবিলটি আবর্তনশীল পদ্ধতিতে পরিচালিত হবে। অর্থাৎ ঋণের অর্থ আদায় হওয়ার পর তা আবার নতুন করে ঋণ দেওয়া হবে। এ কর্মসূচির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, প্রান্তিক জনগোষ্ঠী, দুর্গম এলাকার বাসিন্দা এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি প্রান্তিক নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও এ কর্মসূচির আওতায় ঋণ পাবেন।

ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেট ব্যবহার করতে হবে। ঋণের জন্য আবেদন থেকে শুরু করে তা পরিশোধ করা পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে গ্রাহকের ঋণ গ্রহণের যোগ্যতা যাচাই এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য পর্যালোচনা করতে হবে।

গ্রাহক পর্যায়ে ই-ঋণ বিতরণ ও ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে দৈবচয়নের ভিত্তিতে যেকোনো সময় অংশগ্রহণকারী ব্যাংকের কাছে প্রয়োজনীয় নথিপত্র ও দলিল তলব করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি সরেজমিনে পরিদর্শনও করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,অর্থায়ন সুবিধা নিতে কোনো ব্যাংক ভুল বা মিথ্যা তথ্য দিলে অতিরিক্ত সুদ বা মুনাফা আদায় করা হবে। পুনঃ অর্থায়নের কিস্তি আদায়ের সময় বাংলাদেশ ব্যাংকে সংশ্লিষ্ট ব্যাংকের চলতি হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকলেও একই ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে পুনঃ অর্থায়নের জন্য নির্ধারিত সুদ বা মুনাফার হারের চেয়ে ২ শতাংশ বেশি হারে অতিরিক্ত সময়ের সুদ বা মুনাফাসহ বকেয়া অর্থ এককালীন আদায় করা হবে।

ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্রাহককে কিছু বিষয় সম্পর্কে জানাতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বলা হয়েছে, ঋণগ্রহীতার কাছ থেকে ডিজিটাল সম্মতি নেওয়ার আগে ঋণের পরিমাণ, সুদ বা মুনাফার হার, মোট পরিশোধযোগ্য অর্থ, কিস্তি পরিশোধের সময়সূচি ও ঋণ পরিশোধে ব্যর্থ হলে কী পরিণতি হতে পারে, সে বিষয়ে স্পষ্ট ও সহজবোধ্য তথ্য দিতে হবে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে।

Read full story at source