পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তরিত হলো মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা
· Prothom Alo
রাজধানীর বনানীতে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রচলিত শাখাটিকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর করা হয়েছে। শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
সম্প্রতি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের নিলুফার হাইটসে (বি–৫২, প্রথম তলা) অবস্থিত এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
Visit saltysenoritaaz.com for more information.
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান এবং সদস্য আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন। এ ছাড়া মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপান্তরিত এই শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আমানত, বিনিয়োগসহ আধুনিক সব ব্যাংকিং সেবা দেওয়া হবে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা অনুযায়ী এসব কার্যক্রম পরিচালিত হবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বনানী ও এর আশপাশের এলাকার ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তারা বলেন, বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং শাখায় রূপান্তর মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের আধুনিক, সহজলভ্য ও শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদানের অঙ্গীকারেরই প্রতিফলন।