ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার

· Prothom Alo

বলিউডের ‘কিং খান’ শাহরুখ পর্দায় যতই দাপট দেখান না কেন, বাড়িতে তাঁর কথার বিশেষ গুরুত্ব নেই। অন্তত অভিনেতার নিজের কথাতেই তেমন ইঙ্গিত মিলেছে। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে স্ত্রী গৌরী খানকে নিয়ে মজার ছলে এমন কিছু কথা বলেন শাহরুখ, যা শুনে হেসে ওঠেন উপস্থিত সবাই। এই বলিউড সুপারস্টার জানান, বাড়ির যাবতীয় সিদ্ধান্ত নেন স্ত্রী গৌরী। এমনকি বাড়ির সাজসজ্জা থেকে শুরু খাওয়াদাওয়া—কোনো বিষয়েই নিজের মত প্রকাশের সুযোগ পান না বলে মজার ছলে তিনি মৃদু অভিযোগ করেছেন। এমনকি তাঁদের দুই সন্তান আরিয়ান ও সুহানার অবস্থাও একই বলে জানিয়েছেন শাহরুখ। তবে মজার কথাবার্তার মধ্যেই নিজের আসন্ন ছবি ‘কিং’-এর একটি সংলাপ শুনিয়ে অনুষ্ঠানের পরিবেশ বদলে দেন কিং খান।

Visit esporist.com for more information.

গৌরী ও শাহরুখ খান। ইনস্টাগ্রাম থেকে

দুবাইয়ের অনুষ্ঠানে শাহরুখ
সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও গৌরী খান। এ অনুষ্ঠানে হাজির ছিলেন নির্মাতা ও পরিচালক করণ জোহরও। অনুষ্ঠানে করণ শাহরুখকে প্রশ্ন করেন, নিজের বাড়িতে এমন কোন কাজ, যা করার অনুমতি তাঁর নেই?

উত্তরে মজার ছলে শাহরুখ বলেন, নিজের বাড়িতে তিনি কিছুই করতে পারেন না। বাড়ির ওয়াই-ফাই নিয়ে অভিযোগ করা, বিছানায় বসে খাওয়াদাওয়া করা—কোনোটিরই অনুমতি নেই তাঁর। এমনকি বাড়ির রং, দেয়ালে ঝোলানো ছবি, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা নিয়েও কোনো মন্তব্য করতে পারেন না এই বিটাউন তারকা।
শাহরুখ বলেন, ‘আমরা শুধু চুপচাপ বসে বাড়িটা উপভোগ করি আর বলি, গৌরী, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ! এখন এখানে এই পেন্টহাউসে এসেও আমাকে একই কথা বলতে হবে, গৌরী, তুমি কী সুন্দর পেন্টহাউস বানিয়েছ! বাড়ির বাইরে আমরা স্বাধীন। কিন্তু বাড়ির ভেতরে আমাদের কোনো কথাই চলে না।’

কাকে বেশি ভয় পান কিং খান
দুবাইয়ের এই অনুষ্ঠানে কথোপকথনের সময় করণ জোহর শাহরুখকে প্রশ্ন করেন, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী—কাকে বেশি ভয় পান তিনি? প্রশ্নের উত্তরে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর প্রসঙ্গ টেনে করণকে ছবির একটি সংলাপ মনে করিয়ে দেন অভিনেতা। এরপর দৃঢ় কণ্ঠে সংলাপটি তিনি বলেন, ‘হাজারো দেশে বদনাম, আর সারা বিশ্ব আমাকে একটাই নামে চেনে। জানেন কেন? কারণ, আমি ভয় নই, আমি ত্রাস।’

কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে শাহরুখ–আমিরদের কী হয়েছিল

‘কিং’ ছবিতে শাহরুখ
শিগগিরই ‘কিং’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলার ছবিতে শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় বর্মা। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

Read full story at source