‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

· Prothom Alo

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’। আজ শুক্রবার সকাল ১০টায় ‘প্রিন্স আওলাদ–৭’ লঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

Visit grenadier.co.za for more information.

এরপর বন্ধুসভার থিম সংগীতের তালে নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার একদল বন্ধু। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের আহ্বায়ক আশিকুজ্জামান অভি ও সায়মন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।

জাতীয় সংগীত পরিবেশনা

বন্ধুত্ব, সম্প্রীতি, তারুণ্য ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। এতে জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১০০ সক্রিয় বন্ধু, অ্যালামনাই ও শুভানুধ্যায়ী অংশ নিচ্ছেন। এ ছাড়া রয়েছেন আমন্ত্রিত অতিথি, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, বিনোদনমূলক আয়োজন, মতবিনিময়, আনন্দ আয়োজন, সাংগঠনিক সভা, কর্মশালা, খেলাধুলা, র‍্যাফল ড্র, পুনর্মিলনীসহ নানা অংশগ্রহণমূলক কার্যক্রম। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে ৪০টি সম্মাননা। এর মধ্যে রয়েছে ‘বৃক্ষরোপণে সেরা দশ’, ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ ও ‘বর্ষসেরা দশ বন্ধুসভা’ পুরস্কার। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ কর্মসূচিরও সম্মাননা দেওয়া হবে।

এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে রয়েছে স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, ড্রিংকস পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার ম্যাক্স গ্রুপ, গিফট পার্টনার ফিলআপ, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক, হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ ও চকলেট পার্টনার কেয়ার নিউট্রিশন লিমিটেড। পুরো আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে প্রবাসী পল্লী গ্রুপ।

Read full story at source