কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট
· Prothom Alo

রাত ১০টার দিকে শুয়ে পড়েন, ভোর সাড়ে চারটায় চোখ খুলে যায়। ঘুম আসতে দেরি হলে বড়জোর পাঁচ ঘণ্টা। তবু সারা দিন তরতাজা। শিরিন আক্তারের (ছদ্মনাম) দিনটা এভাবেই শুরু হয়।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তার মনেই পড়ে না, কবে শেষ বেশি ঘুমের দরকার হয়েছিল। সকালে হাঁটতে বের হন, এক ঘণ্টা ব্যায়াম করেন, আর আটটা বাজার আগেই দেড় ঘণ্টার কাজ সেরে ফেলেন। বন্ধুরা অবাক হন। তবে তাঁর পরিবারে বিষয়টা একদম স্বাভাবিক। কারণ, বাবা আর ভাইয়েরও একই অবস্থা।
Visit freshyourfeel.com for more information.
আমাদের বেশির ভাগের অবশ্য এমনটা হয় না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের সাম্প্রতিক পর্যালোচনা বলছে, ২৬ থেকে ৬৪ বছর বয়সী একজন প্রাপ্তবয়স্কের ২৪ ঘণ্টায় ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম দরকার। এখন প্রশ্ন হলো, ঘুমের প্রয়োজনে মানুষে মানুষে এত পার্থক্য কেন? এটা বহুদিনের ধাঁধা। গত কয়েক বছরে বিজ্ঞানীরা দেখিয়েছেন, এর পেছনে জিনের ভূমিকা আছে।
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর গবেষকেরা মানুষের ঘুমের সময়ের সঙ্গে সম্পর্কিত একটি জিন-পরিবর্তন খুঁজে পান। যাঁদের শরীরে এটি আছে, তাঁরা শুতে যান সাধারণ সময়েই, কিন্তু ঘুম ভাঙে অনেক ভোরে। রাতে ঘুমান চার থেকে সাড়ে ছয় ঘণ্টা।
এই বিরল বংশগত অবস্থার নাম ‘ফ্যামিলিয়াল ন্যাচারাল শর্ট স্লিপ’ (এফএনএসএস)। গবেষক দলের প্রধান আণবিক জীববিজ্ঞানী ইং-হুই ফু বলেন, সবচেয়ে বড় রহস্য হলো, এত কম ঘুমেও তাঁরা ঠিক থাকেন কীভাবে। উত্তরটা এখনো খোঁজা হচ্ছে।
কিছু প্রমাণ অবশ্য বলছে, এই জিন–পরিবর্তন শুধু ঘুম কমায় না, ঘুম কমে যাওয়ার ক্ষতি থেকেও বাঁচাতে পারে। ২০১৯ সালে ফুর নেতৃত্বে ইঁদুরের ওপর এক পরীক্ষায় দেখা যায়, এমন পরিবর্তনওয়ালা ইঁদুর কম ঘুমাত, তবু স্মৃতির ঘাটতি থেকে রক্ষা পেত। আরেক পরীক্ষায় কিছু ইঁদুরের ক্ষেত্রে আলঝেইমারের ইঁদুর-সংস্করণ হওয়ার ঝুঁকিও কম পাওয়া গেছে।
আরেকটি গবেষণা হয়েছিল এক জোড়া যমজকে নিয়ে, ২০১৪ সালে। একজনের শরীরে ছিল স্বল্প ঘুমের জিন-পরিবর্তন, অন্যজনের ছিল না। বাহক যমজ গড়ে প্রায় এক ঘণ্টা কম ঘুমাতেন। টানা ৩৮ ঘণ্টা জেগে থাকার পর তাঁর কাজে ভুল হয়েছিল প্রায় ৪০ শতাংশ কম। গভীর ঘুমসহ নন-আরইএম ঘুমও তিনি প্রায় ভাইয়ের সমান ঘুমিয়েছেন। অর্থাৎ, যতটুকু ঘুমাতেন, তার উপকার হয়তো বেশিই পেতেন।
ওষুধশিল্প আশা করছে, একদিন এই আবিষ্কার ঘুমের রোগের চিকিৎসায় কাজে লাগবে। তবে ফু সতর্ক করে দেন, কীভাবে কাজ করে, তা না জেনে ওষুধ বানানো ঠিক নয়। তাঁর কথা, ‘আপনি নিশ্চয়ই চান না, কম ঘুমিয়ে ১০ বা ২০ বছর পর আলঝেইমার, পারকিনসন্স বা ক্যানসারে ভুগতে।’
মানুষের ঘুমের সময়ের ৩০ থেকে ৬৫ শতাংশ বংশগত বলে ধারণা করা হয়। কিংস কলেজ লন্ডনের জিনতত্ত্ববিদ ইসাবেল অস্টিন-জিমারম্যানের বিশ্লেষণে (যা এখনো প্রকাশিত হয়নি) প্রায় ৬ লাখ ৫০ হাজার প্রাপ্তবয়স্কের তথ্যে ২৪৪টির মতো জিনাংশের প্রভাব মিলেছে। প্রতিটির প্রভাব গড়ে মাত্র এক মিনিটের মতো, কিন্তু সব মিলিয়ে ব্যবধান দাঁড়াতে পারে প্রায় ২০ মিনিটে।
যে শহরে ১০০ বছরেও কেউ ফেরেনিতাই বলে জিনগতভাবে কম ঘুমের প্রবণতা সব সময় সুখবর নয়। বড় পরিসরের গবেষণায় দেখা গেছে, এই প্রবণতা অনিদ্রা, ক্লান্তি, বিষণ্নতা ও টাইপ-২ ডায়াবেটিসের উচ্চ ঝুঁকির সঙ্গেও যুক্ত।
আবার যাঁরা ভাবেন, কম ঘুমে তাঁরা ভালোই আছেন, তাঁরাও সব সময় নিজের সঠিক বিচারক নন। এক গবেষণায় সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের রাতে চার বা ছয় ঘণ্টা বিছানায় থাকতে দেওয়া হয়। তাঁদের মানসিক কাজের দক্ষতা ক্রমাগত কমেছে, অথচ দুই সপ্তাহ পর তাঁরা নিজেদের কেবল ‘সামান্য’ ঘুম ঘুম বলে মনে করেছেন। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির হান্স ফন ডঙ্গেনের ভাষায়, দুর্বলতা বাড়ে, কিন্তু সেটা টের পাওয়ার ক্ষমতাও কমে যায়।
তাই ‘কত ঘণ্টা ঘুমান’ বা ‘পরদিন কেমন লাগে’, শুধু এই দুই প্রশ্নে আসল উত্তর মেলে না। ভবিষ্যতে জিনগত গবেষণা হয়তো বলে দিতে পারবে, কে সত্যিই কম ঘুমে ঠিক আছেন। তত দিন ‘ভালোই তো আছি’ অনুভূতিটার ওপর পুরো ভরসা না রাখাই বোধ হয় বুদ্ধিমানের কাজ।
সূত্র: বিবিসি