নদীর বুকে দিনব্যাপী বন্ধুত্বের মিলনমেলা

· Prothom Alo

সকাল সাতটার মধ্যে বন্ধুরা নির্ধারিত লঞ্চে এসে পৌঁছাবেন, সেভাবেই প্রস্তুতি নেওয়া। কিন্তু বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা মধ্যরাতেই এসে হাজির। আগে থেকেই লঞ্চে বসে বন্ধুদের জন্য উপহার ব্যাগ তৈরি করাসহ অন্যান্য প্রস্তুতি নিচ্ছিলেন জাতীয় পর্ষদ ও ঢাকা মহানগরের স্বেচ্ছাসেবকেরা। তাঁদের সঙ্গে সেই কাজে যোগ দেন অন্য বন্ধুরাও। সারা রাত চলে এই কর্মযজ্ঞ। উৎসবের আমেজের মধ্যেই ভোর হতে হতে লঞ্চ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রিন্স আওলাদ-৭ লঞ্চ পরিণত হয় বন্ধুত্বের মহা মিলনমেলায়।

Visit mchezo.co.za for more information.

গতকাল শুক্রবার সকালে এমনই দৃশ্য তৈরি হয় প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে। ‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামের অনুষ্ঠানে অংশ নিয়েছেন সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্‌যাপিত হয়। সকাল ১০টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজনের দুই আহ্বায়ক বন্ধুসভা জাতীয় পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি ও যুগ্ম সম্পাদক সায়মন চৌধুরী।

সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমীর সঞ্চালনায় এই পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, ‘প্রথম আলোর একটাই এজেন্ডা—বাংলাদেশের জয়। আর প্রথম আলো বন্ধুসভা হচ্ছে ভালোর সংগঠন। একটা করে ভালো কাজ করেই থেমে থাকে না; সারা জীবন একটার পর একটা ভালো কাজ করতে থাকে।’

আরও বক্তব্য দেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, প্রথম আলোর প্রধান নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর, মানবসম্পদ বিভাগের প্রধান শামীম খান, প্রশাসন বিভাগের প্রধান এ বি এম খায়রুল কবীর, তথ্যপ্রযুক্তি বিভাগের পল্লব মোহাইমেন ও বন্ধুসভা জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক। আয়োজন সহযোগী প্রবাসী পল্লী গ্রুপের পরিচালক ফাহিম রহমান বলেন, ‘বন্ধুসভার এই আনন্দ আয়োজনে পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা বন্ধুসভার পাশে থাকতে চাই।’

আয়োজনে মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষ একটি সেশন পরিচালনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের যুগ্ম সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা। বন্ধুদের উদ্দেশে বক্তব্য দেন জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক।

পরে চারটি শ্রেণিতে ৪০টি বন্ধুসভাকে সেরা বন্ধুসভা সম্মাননা দেওয়া হয়। ‘সহমর্মিতার ঈদ’ ক্যাটাগরিতে সেরা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, দিনাজপুর, শেরপুর, পটিয়া, চট্টগ্রাম, ভৈরব, জামালপুর, ঠাকুরগাঁও ও কাতার বন্ধুসভা। ‘বৃক্ষরোপণ’ ক্যাটাগরিতে সেরা হয়েছে ঠাকুরগাঁও, দিনাজপুর, ময়মনসিংহ, পাবনা, সিলেট, নোয়াখালী, কয়রা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাগেরহাট ও কিশোরগঞ্জ বন্ধুসভা।

বছরব্যাপী কাজের ভিত্তিতে ‘বর্ষসেরা ১০’ হয়েছে খুলনা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর, জামালপুর, ভৈরব, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বন্ধুসভা।

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচিতে সেরা হয়েছে রাউজান, জামালপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, মুরারিচাঁদ কলেজ, রংপুর, সাভার, ঠাকুরগাঁও, মানিকগঞ্জ ও সৈয়দপুর বন্ধুসভা।

মধ্যাহ্নভোজের বিরতির পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। আরও ছিল মজাদার গেমস শো ও র‍্যাফল ড্র।

এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে ছিল স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, ড্রিংকস পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার ম্যাক্স গ্রুপ, গিফট পার্টনার ফিলআপ, এন্টারটেইনমেন্ট পার্টনার চরকি, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক, হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ ও চকলেট পার্টনার কেয়ার নিউট্রিশন লিমিটেড। পুরো আয়োজনে সহযোগী হিসেবে ছিল প্রবাসী পল্লী গ্রুপ।

Read full story at source