মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন
· Prothom Alo

কোলাজেনের ভালো উৎস হিসেবে এটি বেশ পরিচিত। ত্বকের তারুণ্য ধরে রাখা, হাড় ও অস্থিসন্ধির সুস্থতা এবং শরীরের সংযোজক কলার গঠনে কোলাজেনের ভূমিকার কথা আমরা জানি। কিন্তু মুরগির এই অংশ আমরা প্রায়ই ফেলে দিই।
Visit turconews.click for more information.
মুরগির মাংস খেতে অনেকেই পছন্দ করেন। তবে মুরগির পা বা পায়ের চামড়া-হাড়যুক্ত অংশটি অনেকের কাছে তেমন আকর্ষণীয় নয়। অথচ পুষ্টিগুণের কারণে বিশ্বের বিভিন্ন দেশের খাবারে মুরগির পায়ের বেশ কদর আছে।
বিশেষ করে কোলাজেনের উৎস হিসেবে এটি বেশ পরিচিত। ত্বকের তারুণ্য ধরে রাখা, হাড় ও অস্থিসন্ধির সুস্থতা এবং শরীরের সংযোজক কলার গঠনে কোলাজেনের ভূমিকার কথা আমরা জানি। তাহলে মুরগির পা খেলে কি সত্যিই এসব উপকার পাওয়া যায়?
মুরগির পায়ে কী কী পুষ্টি থাকে
মুরগির পায়ের বেশির ভাগ অংশ তৈরি হয়েছে ত্বক, টেন্ডন, লিগামেন্ট, তরুণাস্থি ও হাড় দিয়ে। এসব অংশে থাকে কোলাজেন নামের একধরনের কাঠামোগত প্রোটিন। এ ছাড়া এতে রয়েছে প্রোটিন, চর্বি এবং অল্প পরিমাণে বিভিন্ন খনিজ উপাদান। কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন, প্রোলিন ও হাইড্রক্সিপ্রোলিনও পাওয়া যায় এতে।
মুরগির পায়ের বেশির ভাগ অংশ তৈরি হয়েছে ত্বক, টেন্ডন, লিগামেন্ট, তরুণাস্থি ও হাড় দিয়ে
মুরগির পায়ের পুষ্টিমান নির্ভর করে এর আকার, চামড়ার পরিমাণ ও রান্নার পদ্ধতির ওপর। সাধারণভাবে এটি প্রোটিনের একটি উৎস হলেও এর প্রোটিনের বড় অংশ কোলাজেনজাতীয়। কোলাজেনে শরীরের প্রয়োজনীয় সব অপরিহার্য অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে না। বিশেষ করে ট্রিপটোফ্যানের ঘাটতি রয়েছে। তাই একে পূর্ণাঙ্গ প্রোটিনের বিকল্প হিসেবে বিবেচনা করা যায় না।
কোলাজেনের উৎস হিসেবে কতটা ভালো
মুরগির পা কোলাজেনের একটি উল্লেখযোগ্য খাদ্য উৎস। রান্নার সময় দীর্ঘক্ষণ তাপের সংস্পর্শে কোলাজেন ভেঙে জেলাটিনে পরিণত হয়। এ কারণেই মুরগির পা দিয়ে তৈরি সুপ বা ঝোল ঠান্ডা হলে অনেক সময় জমাট বাঁধে।
মুরগির পা কোলাজেনের একটি উল্লেখযোগ্য খাদ্য উৎসকোলাজেন শরীরের ত্বক, হাড়, তরুণাস্থি, টেন্ডন ও লিগামেন্টের গুরুত্বপূর্ণ উপাদান। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেন তৈরির ক্ষমতা কমতে থাকে। ফলে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যাওয়া, বলিরেখা তৈরি হওয়া এবং অস্থিসন্ধির কিছু পরিবর্তন দেখা দিতে পারে।
সাপ্লিমেন্টের তুলনায় মুরগির পা কতটা ভালো
কোলাজেনের উপকারিতা বিবেচনায় মুরগির পা হতে পারে তুলনামূলক সস্তা ও সহজলভ্য একটি প্রাকৃতিক উৎস। বাজারে কোলাজেন সাপ্লিমেন্ট, পাউডার কিংবা ক্যাপসুল কিনতে বেশ ভালো অর্থ খরচ করতে হয়। অন্যদিকে মুরগির পা সাধারণত কম দামেই পাওয়া যায়। এতে থাকা কোলাজেন রান্নার সময় জেলাটিনে পরিণত হয়, যা শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। কোলাজেন ত্বকের স্থিতিস্থাপকতা ও আর্দ্রতা বজায় রাখতে, হাড় ও তরুণাস্থির গঠন ঠিক রাখতে এবং টেন্ডন ও লিগামেন্টের সুস্থতায় ভূমিকা রাখে। বয়সের সঙ্গে শরীরে কোলাজেনের উৎপাদন কমতে থাকায় খাদ্যতালিকায় এর উৎস রাখা উপকারী হতে পারে।
মুরগির পা হতে পারে কোলাজেনের সস্তা ও সহজলভ্য একটি উৎসতবে মুরগির পা ও কোলাজেন সাপ্লিমেন্টের কার্যকারিতা এক নয়। সাপ্লিমেন্টে সাধারণত নির্দিষ্ট পরিমাণ হাইড্রোলাইজড কোলাজেন থাকে, যা পরিমাপ করে গ্রহণ করা যায়। মুরগির পায়ে কোলাজেনের পরিমাণ রান্নার ধরন ও উপাদানের ওপর নির্ভর করে। তাই মুরগির পাকে সস্তা ও পুষ্টিকর কোলাজেনের উৎস বলা গেলেও সাপ্লিমেন্টের সমান কার্যকারিতা রয়েছে, এমন প্রমাণ নেই। তবে নিয়মিত সুষম খাবারের অংশ হিসেবে এটি বেশ ভালো একটি বিকল্প হতে পারে।
মুরগির পায়ে কোলাজেনের পরিমাণ রান্নার ধরন ও উপাদানের ওপর নির্ভর করে
তবে মুরগির পা খেলেই সরাসরি ত্বকের কোলাজেন বেড়ে যাবে, এমন নয়। খাবারের কোলাজেন হজমের সময় ছোট ছোট পেপটাইড ও অ্যামিনো অ্যাসিডে ভেঙে যায়। শরীর সেগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। তাই কোলাজেনের উৎস হিসেবে মুরগির পা ভালো হলেও এর মাধ্যমে ত্বকের বলিরেখা দূর হবে বা অস্থিসন্ধির সমস্যা সেরে যাবে, এমন নিশ্চয়তা নেই।
আর কী কী উপকার হতে পারে
মুরগির পায়ের প্রোটিন শরীরের কোষ ও টিস্যু গঠনে ভূমিকা রাখে। এতে থাকা কোলাজেন ও জেলাটিন সংযোজক কলার জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। এ ছাড়া ঝোল বা সুপ হিসেবে খেলে শরীরে তরল গ্রহণের পরিমাণও বাড়ে।
অতিরিক্ত তেল, লবণ ও মসলা দিয়ে রান্না করলে খাবারটির স্বাস্থ্যকর দিক কিছুটা কমে যেতে পারেখাওয়ার আগে সতর্কতা
মুরগির পা রান্নার সময় পরিচ্ছন্নতা ও ভালোভাবে সেদ্ধ করার বিষয়টি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তেল, লবণ ও মসলা দিয়ে রান্না করলে খাবারটির স্বাস্থ্যকর দিক কিছুটা কমে যেতে পারে। যাঁদের রক্তে কোলেস্টেরল বা চর্বি নিয়ন্ত্রণের প্রয়োজন, তাঁদের রান্নার ধরন ও পরিমাণের দিকে খেয়াল রাখা উচিত।
মুরগির পা রান্নার সময় পরিচ্ছন্নতা ও ভালোভাবে সেদ্ধ করার বিষয়টি গুরুত্বপূর্ণসব মিলিয়ে মুরগির পা কোলাজেন ও প্রোটিনের একটি সহজলভ্য উৎস হতে পারে। তবে শুধু কোলাজেনের আশায় এটি অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই। মাছ, ডিম, দুধ, ডাল, বাদাম, শাকসবজি ও ভিটামিন সি–সমৃদ্ধ ফলসহ সুষম খাবারই শরীরের সামগ্রিক পুষ্টি ও কোলাজেন তৈরির জন্য বেশি গুরুত্বপূর্ণ।
সূত্র: হেলথলাইন, এন আই এইচ
ছবি: ইন্সটাগ্রাম