সুন্দরবনের দুবলার চরে যাওয়া যাবে পাঁচ নৌপথে, মানতে হবে যেসব নিয়ম
· Prothom Alo

সনাতন ধর্মাবলম্বীদের রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে যাতায়াতে পাঁচটি নৌপথ ঠিক করে দিয়েছে বন বিভাগ। সেখানে ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী এ পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। তবে বিগত বছরগুলোর মতো এবারও হচ্ছে না রাসমেলা।
বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, তীর্থযাত্রীদের লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকায় নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে যাতায়াত করতে হবে। যাতায়াতের সময় বন বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের টহল দল তাঁদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
Visit asg-reflektory.pl for more information.
অনুমোদিত পাঁচটি নৌপথের প্রথমটি হলো বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর। দ্বিতীয় পথটি কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর। তৃতীয় পথ নলিয়ান স্টেশন থেকে শিবসা ও মরজাত নদী হয়ে দুবলার চর। চতুর্থ পথ ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদ হয়ে দুবলার চর। পঞ্চম পথ বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।
তীর্থযাত্রী ও দর্শনার্থীদের ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। প্রত্যেকে পছন্দ অনুযায়ী একটি পথ ব্যবহার করতে পারবেন।
বন বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত নৌপথে শুধু দিনের বেলায় চলাচল করা যাবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না।
সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক তীর্থযাত্রীকে একটি টিকিট বা টোকেন দেওয়া হবে। বনে অবস্থানকালে তা সঙ্গে রাখতে হবে।
এ ছাড়া নৌযান ও পুণ্যস্নানস্থলে বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারও কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল বা করাতসহ অবৈধ কোনো সরঞ্জাম পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
সুন্দরবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেমন প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ নেওয়া যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণও নিষিদ্ধ। বনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান প্রথম আলোকে বলেন, এ বছরও রাসমেলা হবে না। শুধু পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই আলোরকোলে যেতে পারবেন।
দুবলার চরের আলোরকোল সংরক্ষিত বনাঞ্চল। ২০১৯ সালে ১০ থেকে ১২ নভেম্বর রাসমেলা হওয়ার কথা ছিল। তবে ওই বছরের ১০ নভেম্বর উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানায় সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ করে দেয় বন বিভাগ। ফলে ওই বছর রাসমেলা অনুষ্ঠিত হয়নি। তবে মেলা উদ্যাপন কমিটির সদস্যরা সেখানে গিয়ে পূজা ও স্নান করেন।
বন বিভাগের সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে রাসমেলাকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যক্তি বেআইনি কর্মকাণ্ডে জড়াতেন। বন বিভাগের জনবল কম থাকায় এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ত। সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে ২০২০ সাল থেকে দুবলার চরের রাসমেলা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে প্রতিবছর নির্দিষ্ট সময়ে সেখানে রাসপূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।